মঞ্চে তখন সংগীতশিল্পী ফেরদৌস আরা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুর সপ্তকের শিল্পীরা গাইছেন ‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি। একটা পর্যায়ে ফেরদৌস আরার আমন্ত্রণে মঞ্চে আসেন চিত্রশিল্পী Mustafa Monowar। তাঁকে সব সময় ছবি আঁকা আর পাপেট শো-বিষয়ক অনুষ্ঠানে বেশি দেখা যায়। তবে এদিন‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে আসা দর্শক ও অতিথিরা তাঁর কণ্ঠে গান শুনেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে তিনি এই গান গেয়েছেন। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানে তাঁর সহশিল্পী ছিলেন ফেরদৌস আরা।
‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা যেমন ছবি এঁকেছেন, তেমনি নতুন প্রতিশ্রুতিশীল শিল্পীদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে আসা চিত্রশিল্পীরা মুক্তিযুদ্ধের তাৎপর্যকে ছবি আঁকার মাধ্যমে তুলে ধরছেন। ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনয়শিল্পী আফজাল হোসেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার, জহির উদ্দিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’র মধ্য দিয়ে।


No comments:
Post a Comment