সাফটা চুক্তির আওতায় আগামী ১৭ মার্চ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র (Cinema) 'তোমাকে চাই'।
ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে কলকাতার অজয় এন্টারপ্রাইজ। তাদের কাছ থেকে ছবিটি আমদানি করেছে তিতাস কথাচিত্র। এ প্রতিষ্ঠানের কর্ণধার আবুল কালাম বলেন, 'সাফটা চুক্তির নীতিমালা মেনে 'তোমাকে চাই' ছবিটি আমদানি করা হয়েছে। আগামী ১৭ মার্চ দেশের ৪২টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে। ইতিমধ্যে ভারতের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এদেশের দর্শকের কাছেও এটি ভালো লাগবে বলে আমাদের ধারণা। এ কারণে ছবির সাফল্যের বিষয়ে আমরা দারুণ আশাবাদী।'
কলকাতার দুই প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস যৌথ ভাবে নির্মাণ করেছে 'তোমাকে চাই' ছবিটি। এটি পরিচালনা করেছেন রাজীব কুমার। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এর আগে মুক্তি পেয়েছিল ভারতের 'বেপরোয়া', 'অভিমান', 'বেলাশেষে', 'ওয়ান্টেড', 'কেলোর কীর্তি'সহ বেশকিছু চলচ্চিত্র। এবার শাকিব-অপু অভিনীত বদিউল আলম খোকনের ছবি 'রাজা বাবু'র বিনিময় হলো 'তোমাকে চাই' ছবিটি।


No comments:
Post a Comment