২৫ মার্চ থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে Mini serial প্রচার। সপ্তাহের ছয় দিন প্রচারিত হবে এই ধারাবাহিক। ‘দীপ্ত মিনি সিরিয়াল’ শিরোনামের এই ধারাবাহিকে প্রথম সপ্তাহে থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক। নাটকগুলো নির্মাণ করেছেন দেশের ছয় তরুণ নির্মাতা। তাঁরা হলেন ওয়াহিদ তারেক, আর বি প্রিতম, ফয়সাল রাজিব, তানিম পারভেজ, আতিক জামান ও ভিকি জাহেদ। প্রত্যেকের গল্পের মূল বিষয় ‘মুক্তির মানুষ’। মূল বিষয় ধরে আলাদা ২২ মিনিটের গল্পের নাটক নির্মাণ করেছেন তাঁরা।
দীপ্ত টিভির নতুন উদ্যোগ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কাজী উরফী আহমদ বলেন, ‘আমরা সাধারণত দীর্ঘ ধারাবাহিক প্রচার করি। একটি গল্প এক-দুই বছর ধরে চলে। তাই দর্শকদের প্রতিদিন নতুন গল্পের স্বাদ দিতেই এই উদ্যোগ। যাঁরা দীর্ঘ ধারাবাহিক দেখতে পছন্দ করেন না, তাঁরা স্বল্প সময়ের ধারাবাহিক দেখবেন।’
গতকাল মঙ্গলবার দীপ্ত টিভির কার্যালয়ে নতুন এই উদ্যোগের কথা জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়, শুধু প্রথম সপ্তাহে ছয় দিন দর্শকেরা ছয় নির্মাতার ছয়টি নাটক দেখবেন। তবে এরপর থেকে একটি গল্প দর্শক সপ্তাহজুড়ে দেখবেন। পরের সপ্তাহ থেকে শুরু হবে নতুন নাটক।
এ সপ্তাহের ছয়টি গল্প নিয়ে নির্মিত নাটকগুলোর প্রযোজক ছিলেন রেদওয়ান রনি। তিনি বলেন, ‘এটা আমার একটা পরীক্ষামূলক প্রকল্প। আমি গতানুগতিক প্রযোজক হতে চাই না। ভালো কিছু গল্প এবং সেরা কিছু কাজের প্রযোজনার সঙ্গে যুক্ত থাকতে চাই। এ কারণেই তরুণ নির্মাতাদের নিয়ে এ উদ্যোগ নিয়েছি।’
২৫ মার্চ থেকে সন্ধ্যা ছয়টা ও রাত সাড়ে নয়টায় দুবার প্রচারিত হবে একেকটি নাটক।


No comments:
Post a Comment