সদ্য মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধের ছবি 'ভুবন মাঝি' উৎসর্গ করা হলো মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত কলকাতার দোহার ব্যান্ডের ভোকাল কালিকাপ্রসাদ (Kalikaprasad) কে।
‘ভুবন মাঝি’ নির্মাতা ফাখরুল আরেফিন বলেন 'কী বলবো বুঝতে পারছি না। এর কোনো প্রতিক্রিয়া হয়না। মনে হচ্ছে ভাই হারালাম। ‘ভুবন মাঝি’ তাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। শিগগিরই এডিটিং করে সিনেমায় তার নাম বসানো হবে। আর আজ সকল প্রদর্শনীতে তার জন্য এক মিনিট নিরবতা পালন করা হবে।'
মুক্তিযুদ্ধের ছবি 'ভুবন মাঝি'র মধ্য দিয়ে সংগীত পরিচালনা শুরু করেন কালিকাপ্রসাদ। চলচ্চিত্রটিতে ব্যবহৃত ‘আমি তোমারই নাম গাই’গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেন কালিকাপ্রসাদ। ভুবন মাঝি চলচ্চিত্রের প্রিমিয়ার শো-তে অংশ নিতে ২ মার্চ চলচ্চিত্রটির অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনিও।
কালিকাপ্রসাদের জন্ম আসামের শিলচরে। তার বড় হওয়া, সংগীত শিক্ষা- সেখানেই। ১৯৯৯ সালে তিনি তার গানের দল দোহার গঠন করেন। তরুণ প্রজন্মের কাছে বাংলার লোকগানকে আরও জনপ্রিয় করে তুলতে প্রতিনিয়ত নীরিক্ষা ও গবেষণা করেছেন তিনি। ভিন্ন আঙ্গিকে-উপস্থাপনার বৈচিত্রে তার গাওয়া গান দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা পেয়েছে।
২০১৩ সালে শাহবাগের গণজাগরণ আন্দোলনকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন ‘শাহবাগ দিচ্ছে ডাক’শিরোনামে একটি গান।


No comments:
Post a Comment