গত বছরের এই দিনেও সব ঠিক ছিল। ২০১৬ সালটা শেষ পর্যন্ত ভালো রইল না তাদের জন্য। এই বছরের ১৯ সেপ্টেম্বর ঘর ভাঙল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির। এখন ছয় সন্তান নিয়ে আলাদা বাস করছেন অ্যাঞ্জেলিনা। আর তাই পুরনো বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করতে হলো ব্র্যাড পিটকে।
গত ১৮ ডিসেম্বর ৫৩ বছর বয়সে পা দিলেন মার্কিন অভিনেতা ব্র্যাড পিট। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোনো অনুষ্ঠান ছাড়াই জন্মদিন উদযাপন করেছেন এ অভিনেতা। এ সময়ে তার সঙ্গে ছিলেন তার পুরনো কয়েকজন বন্ধু। শুধু একসঙ্গে ডিনার করেছেন তারা।
সূত্রটি জানায়, এই মুহূর্তে গণমাধ্যম থেকে যথাসম্ভব আড়ালে থাকছেন ব্র্যাড পিট। যতদিন পর্যন্ত না তার বিবাহ বিচ্ছেদ ও অভিভাবকত্বের মামলার সুরাহা না হয়, ততদিন অনেকটা গোপন জীবন-যাপন করবেন তিনি। আর তাই জাঁকজমক জন্মদিনের অনুষ্ঠান করার জন্য নামি-দামি রেস্টুরেন্টে যাননি তিনি।
এদিকে, সামনেই আসছে বড়দিনের উৎসব। এদিন স্বল্প পরিসরে হলেও সন্তানদের নিয়ে বড়দিন পালন করবেন জোলি ও পিট। তবে একসঙ্গে নয়। পিট তার সন্তানদের সঙ্গে বড়দিন উদযাপনের জন্য সময় পাবেন চার ঘণ্টা। এই চার ঘণ্টার মধ্যে তাদের উপহারও দিতে পারবেন তিনি। আর এদিন সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন জোলি।
জোলি ও পিটের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, গত মাসে থ্যাংকস গিভিং উৎসবের সময় সন্তানদের সঙ্গে দেখা করতে পিটকে অনুমতি দেননি জোলি। তবে এবার জোলির দিক থেকে সবুজ সংকেত পাওয়ায় পিট আনন্দিত। তাই সাক্ষাতের চার ঘণ্টা কীভাবে কাটাবেন, এ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।
তবে সন্তানদের সাক্ষাৎ পাওয়ার জন্য পিটকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সাক্ষাতের আগে যদি তার শরীরে কোনো ধরনের মাদকদ্রব্যের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বড়দিনেও দেখা হবে না সন্তানদের সঙ্গে।


No comments:
Post a Comment