তৌকীর আহমেদ (toukir ahmed)। নন্দিত এই অভিনেতা ও নির্মাতার জন্মদিন আজ। এই দিনকে ঘিরে তার পরিকল্পনা এবং চলচ্চিত্র 'হালদা'সহ অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। এবার বলুন আজকের দিনটি কীভাবে কাটানোর পরিকল্পনার করেছেন?
সবাইকে ধন্যবাদ। এবার বলি আজকের পরিকল্পনা। বিশেষ কোনো আয়োজন নয়, বরং ঘরোয়াভাবেই জন্মদিন উদযাপন করব। আগেও জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন করিনি। প্রতি বছর এই দিনটি পরিবারের সবার সঙ্গে কাটাই। সেজন্য এদিন কোনো শুটিং রাখি না। পরিবারের সদস্যদেরও নীরব দাবি থাকে শুটিং না রাখার। তাদের এটুকু চাওয়া তো পূরণ করতেই হয়। এবারও তাই স্ত্রী, সন্তান, মা'সহ পরিবারের সবাইকে নিয়ে কিছু সময় হাসি-আনন্দে কাটাব।
ভিন্ন প্রসঙ্গে আসি। আপনার পঞ্চম চলচ্চিত্র 'হালদা'র কাজ কতদূর এগোলো?
শুটিং ও ডাবিং শেষ। এখন টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে। আমার ধারণা, সে কাজও শিগগিরই শেষ করতে পারব।
পহেলা বৈশাখে কি ছবিটি মুক্তির সম্ভাবনা আছে?
'হালদা' মুক্তির বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কাজ শেষ হোক, তারপর ভাববো। এটুকু বলতে পারি, পহেলা বৈশাখ না হলেও এ বছরের যে কোনো সময় ছবিটি মুক্তি দেওয়া হবে।
কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে ছবি নির্মাণের কথা বলেছিলেন। কাজ শুরু করবেন কবে?
চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রনাট্য লেখা শেষ হলেই শুটিং শুরু করব, বিষয়টি এমন নয়। কারণ এই ছবিটা অনেক সময় নিয়ে নির্মাণ করতে চাই। এর বাজেটও হবে বড়। বাংলাদেশ ও ভারতের বেশ কিছু লোকেশনে শুটিং করতে হবে। যেজন্য নিতে হবে আলাদা প্রস্তুতি। এটি হবে আমার নিরীক্ষাধর্মী একটি ছবি। তাই কাজের বিষয়ে কোনো প্রকার ছাড় দিতে চাই না। সে কারণে এ বছর ছবির শুটিং শুরু করতে পারব না।
তাহলে কী 'হালদা'র পর এ বছর আর কোনো কাজ করবেন না?
এ বছর আর কোনো ছবি করব না- এই কথা কিন্তু বলিনি। 'জীবনানন্দ' না হলেও অন্যকোনো ছবি তৈরি করব। দুটি ভিন্ন আঙ্গিকের গল্প লেখা আছে। এর একটি হলো ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। নাম 'ফাগুন হাওয়ায়'। 'অদ্ভুত আঁধারে' নামের দ্বিতীয় গল্পে নৃ-গোষ্ঠীর সংগ্রাম ও যাপিত জীবন নিয়ে কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে। ভাবছি, এর যেকোনো একটি গল্প নিয়ে ছবি নির্মাণ করব।


No comments:
Post a Comment