সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ একটি দর্শনের নাম: পরমব্রত (parambrata)

কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata) বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি দর্শনের নাম।

মুক্তিযুদ্ধ একটি দর্শনের নাম: পরমব্রত (parambrata)

বৃহস্পতিবার এক আড্ডায় একথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের ছবি 'ভুবন মাঝি'র নির্মাতা ফাখরুল আরেফিন ও অন্য কলাকুশলীরা এসময় উপস্থিত ছিলেন। ছবিটিতে অভিনয় করেছেন পরমব্রত।

তিনি বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমারও গর্বের ইতিহাস। মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা বেশীরভাগই ছিলেন সাধারণ মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি আদর্শ, একটি দর্শনের নাম।'

'ভুবন মাঝি' ছবিতে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, 'যুদ্ধের ছবি বলতে আমরা যা বুঝি, তার থেকে এই গল্পটা আলাদা। যুদ্ধের প্রেক্ষাপটেই নির্মিত আলাদা একটি গল্প, যা আমাকে মুগ্ধ করেছে।'

বাংলাদেশে কাজ করতে এসে পরমব্রতকে মিশতে হয়েছে এদেশের মানুষের সাথে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের হৃদয়ের উষ্ণতা।'

'ভুবন মাঝি'তে কাজ করার আগে তিনি বাংলাদেশের অনেক ছবি দেখেছেন বলে জানান। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নাম উল্লেখ করে তিনি বলেন, তার জন্য অনুপ্রেরণার জায়গা বাংলাদেশের ছবি।

বাংলাদেশের সিনেমার অগ্রযাত্রা প্রসঙ্গে পরমব্রত বলেন, 'এদেশের সিনেমার ভবিষ্যৎ এখন তাদের হাতে যারা টেলিভিশনে ভালো কাজ করছেন এবং বিজ্ঞাপন নির্মাণ করছেন'।

শুক্রবার মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি 'ভুবন মাঝি'। পরমব্রত ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, নওশাবা, মাজনুন মিজান, ওয়াকিল আহমেদ প্রমুখ। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.