চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে হাসিবুর রেজা কল্লোলের সিনেমা ‘সত্তা(Entity)’। এরই মধ্যে বিনা কর্তনে ছাড়পত্র ঘরে তুলেছে সিনেমাটি। মঙ্গলবার দুপুরে গ্লিটজকে এমন খবরই শোনালেন নির্মাতা নিজেই।
তিনি বলেন, “আজ বিনা কর্তনে ‘সত্তা(Entity)’ সিনেমাটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। খুবই ভালো লাগছে। তাছাড়া সিনেমাটি দেখার পরে সেন্সরবোর্ডের সদস্যরা খুবই প্রশংসা করেছেন। এখন শুধু সিনেমা মুক্তির জন্য পরিকল্পনা করছি, চলতি বছরেই মুক্তি পাচ্ছে ‘সত্তা(Entity)’।”
‘সত্তা(Entity)’ সিনেমা্য় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও ভারতের জনপ্রিয় তারকা পাওলি দাম।এর আগে ২০১৬ সালের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তির লক্ষ্য থাকলেও সিনেমার পোষ্ট প্রোডাকশনের কাজ কিছুটা বাকি থাকার কারণে সিনেমাটি মুক্তির মিছিল থেকে সরে গিয়েছিলো। অবশেষে সেন্সর ছাড়পত্র ঘরে তোলার পরে সিনেমার মুক্তির নতুন দিনক্ষণ ঠিক করার ব্যাপারে কিছুটা আভাস দিলেন কল্লোল।
গ্লিটজকে তিনি বলেন, “একটি সিনেমা মুক্তি দিতে হলে সিনেমাটিকে ঘিরে খুব ভালো করে মার্কেটিং করতে হয়। তবে একটি উপযুক্ত সময়কে লক্ষ্য করেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
সত্তা(Entity) সিনেমার সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। সিনেমাটিতে শাকিব-পাওলি জুটি ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন প্রমুখ।


No comments:
Post a Comment