সংসার ও অভিনয় এ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। বলতে গেলে ছোটপর্দা দাপিয়ে বেড়াচ্ছেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। ধারাবাহিক থেকে শুরু করে নৃত্যানুষ্ঠান পর্যন্ত সবখানে সরব রয়েছেন তিনি। তার অভিনীত অনেকগুলো ধারবাহিক নাটক এখন নিয়মিত প্রচার হচ্ছে চ্যানেলগুলোতে।
অভিনয়শিল্পীদের কত চরিত্রেই তো অভিনয় করতে হয়। অবশ্য তা শুধুমাত্র গল্পের প্রয়োজনেই। বাস্তবে তার কোন মিল নেই। তেমনই একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ।
তিনি এবার একটি মফঃস্বলের মেয়ের চরিত্রে অভিনয় করলেন। গল্পে দেখা যাবে তার নাম স্বর্ণা। বাবা-মা জোর করে বিয়ে দিয়ে দেন একটি ছেলের সঙ্গে। কিন্তু স্বামীর পরকীয়া জনিত কারণে ভেঙ্গে যায় স্বর্ণার সংসার। কিন্তু তিনি ইতিমধ্যেই গর্ভবতী। গর্ভের সেই সন্তান নিয়েই তিনি চলে আসেন সংসার ছেড়ে। পরবর্তীতে পৃথিবীতে আসে একটি কন্যা সন্তান। তার নাম স্নেহা। শুরু হয় স্বর্ণা ও স্নেহার জীবনযুদ্ধ। এই নিয়ে নাটকের গল্প।
মোহাম্মদ আশরাফুজ্জামান সুখনের রচনায় ও ইমরান রনির পরিচালনায় নাটকটির নাম ‘স্নেহার শেষ ঠিকানা’। এতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। ইতিমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শুরু হয়ে গেছে। শেষ হলে খুব শিগগিরই প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।


No comments:
Post a Comment