বলি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, নিজেদের বাড়ি ছেড়ে দিয়েছেন বলিউড তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নিজেদের বিলাসবহুল বাড়ি ছেড়ে তারা এখন বাসিন্দা হয়েছেন হোটেলের। কেন তারা নিজেদের বাড়ি ত্যাগ করলেন? তাও একত্রে ও এমন সময়ে, যখন তাদের প্রেমের গুঞ্জনে মুখর পুরো মিডিয়া।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের আসন্ন ছবি ‘পদ্মাবতী’। ছবির শুটিং চলছে ভারতের গুরগাঁওয়ে, যা দুজনের বাড়ি থেকে বেশ দূরে। তাই নিজেদের বাড়ি ছেড়ে হোটেলে দিনযাপনই শ্রেয় মনে করছেন এই নায়ক-নায়িকা।
তবে একসঙ্গে, এক হোটেলে, এক ঘরে নয়। দীপিকা থাকছেন গুরগাঁওয়ের ওয়েস্টিন হোটেলে। তারই কাছাকাছি একটি হোটেলে থাকছেন রণবীর সিং।
সংবাদমাধ্যমে প্রকাশ, কাজের প্রয়োজনে তাদের যেকোনো সময় সেটে ডাকা হতে পারে। দীপিকা প্রভাদেবীর অ্যাপার্টমেন্টে থাকেন আর রণবীর থাকেন তার বান্দ্রার বাড়িতে। শুটিংয়ের সেট থেকে দু’জনেরই বাড়ির দূরত্ব অনেক। সেখান থেকে গুরগাঁওয়ের স্টুডিওতে আসা বেশ সময়সাপেক্ষ। তাছাড়া দীপিকাকে মাঝে-মধ্যে রাতেও কাজ করতে হয়। তাই সবদিক ভেবে-চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। শোনা গেছে, শুটিংয়ের জন্য শহীদ কাপুরও কাছাকাছি কোথাও চলে আসবেন।
এর আগে ‘বাজিরাও মাস্তানি’র সময়ও এমন ঘটনা ঘটেছিল। দীপিকা ও রণবীর ফিল্ম সিটির কাছাকাছি থাকতেন সেই সময়। তাতে কাজেরও সুবিধা হয়েছিল। তাই এবার, ‘পদ্মাবতী’র সময়ও একই ফর্মুলা প্রয়োগ করেছেন তারা।
আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘পদ্মাবতী’। ছবিতে মেবারের রানি পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মেবারের রানার ভূমিকায় অভিনয় করছেন শহীদ কাপুর। রণবীর সিং অভিনয় করছেন আলাউদ্দিন খিলজির ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি।


No comments:
Post a Comment