এই বছরের আলোচিত সিনেমার মধ্যে অন্যতম ছিল অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’। শহীদ কাপুর, আলিয়া ভাট ও কারিনা কাপুর অভিনীত এই ছবিতেই গণধর্ষণের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল আলিয়াকে। সেই দৃশ্য যারা দেখেছেন ছবির পর্দায়, শিউরে উঠেছেন সবাই। আর দৃশ্যটিতে যিনি অভিনয় করেছিলেন, তার অভিজ্ঞতা কেমন, জানালেন আলিয়া।
শুটিং হলেও গণধর্ষণের এই দৃশ্যে অভিনয় করা ছিল আলিয়ার জন্য খুবই ভয়ানক ব্যাপার। সম্প্রতি সেই কথা জানিয়েছেন আলিয়া ভাট নিজেই। রাজীব মসন্দ পাঁচ নায়িকাকে নিয়ে বসিয়েছিলেন এক গোল টেবিল বৈঠক। বিদ্যা বালান, আনুশকা শর্মা, সোনম কাপুর, রাধিকা আপ্তে এবং আলিয়া ভাট- বলিউডের এই পঞ্চকন্যা সেই বৈঠকে কথা বলেছিলেন যৌনদৃশ্যে তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে। সবাই নানা মজা করলেও আলিয়া যা বললেন, তাতে চমকে যেতে হল।
আলিয়া জানান, ওই দৃশ্যে কাজ করাটা তার জন্য মোটেও খুব একটা সুখকর ছিল না। ‘আমি স্পটে গেলাম, শুট শুরু হল, আমি কাজ করলাম, পরিচালক কাট বললেন, ঠিকঠাক ভাবেই মিটে গেল ব্যাপারটা। কিন্তু ভিতরে ভিতরে আমার অনবরত এক অস্বস্তি কাজ করে চলেছিল। জানি ব্যাপারটা শুটিং, তাই চুপ করে ছিলাম। কিন্তু কিছুতেই সহজ হতে পারছিলাম না! আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল।’
নায়িকা আরও জানিয়েছেন, ওই দৃশ্যে অভিনয় করার পরে তিনি অনেকদিন সহজ জীবনযাপন করতে পারেননি। সব সময়েই আতঙ্কগ্রস্ত হয়ে থাকতেন তিনি। চুপ থাকতেন। কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না। বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে দৃশ্যটা কতটা প্রভাব ফেলেছিল আলিয়ার উপরে।


No comments:
Post a Comment