টম ক্রুজ জানালেন, ১৯৮০ এর দশকের ক্লাসিক সিনেমা ‘টপ গান’-এর প্রযোজক প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে সম্প্রতি সিক্যুয়াল নিয়ে আলাপ হয়েছে। সব ঠিকঠাক থাকলে অচিরেই তারা মাঠে নামবেন।
প্রথম কিস্তিতে পাইলট ম্যাভেরিকের চরিত্রে অভিনয় করেন টম ক্রুজ। একটি টিভি শো’তে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সিক্যুয়াল নিয়ে আমি ও জেরি কথা বলেছি। এটি হতে যাচ্ছে।’
১৯৮৬ সালের ৬ মে মুক্তি পায় আমেরিকান মিলিটারি অ্যাকশন ড্রামা ‘টপ গান’। ক্যালিফোর্নিয়া ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধের উপর ভিত্তি করে চিত্রনাট্য লেখেন জিম ক্যাশ ও জ্যাক এপস। পরিচালনা করেন প্রয়াত টনি স্কট। টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেন ক্যালি ম্যাকগিলস, ভেল কিলমার ও অ্যান্টনি এডওয়ার্ডস। দেড় কোটি ডলার বাজেটের বিপরীতে ‘টপ গান’ আয় করে সাড়ে ৩৫ কোটি ডলারের বেশি। অনেকদিন সিক্যুয়াল নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তার সত্যতা জানা গেল।
২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে টমের নতুন ছবি ‘জ্যাক রিচার : নেভার গো ব্যাক’। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন এডওয়ার্ড জুইক। ২০১২ সালের ‘জ্যাক রিচার’-এর সিক্যুয়ালটি নিয়ে আলোচনা করতে ওই অনুষ্ঠানে হাজির হন টম। কিন্তু পরবর্তীতে কথা মোড় নেয় ‘টপ গান’-এর দিকে।
এছাড়া ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ক্রিমিনাল ড্রামা-থ্রিলার ‘আমেরিকান মেড’। পাইলট ব্যারি সিলের জীবনী অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন ডগ লিম্যান। একই বছরের ৯ জুন মুক্তি পাবে অ্যাকশন-অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসি হররধর্মী ‘দ্য মামি’। জনপ্রিয় সিরিজের রিবুটটি পরিচালনা করেছেন অ্যালেক্স কুর্টজম্যান।


No comments:
Post a Comment