‘রক্ত’ সিনেমায় ‘ডানাকাটা পরী’ শিরোনামের আইটেম গানের সঙ্গে কোমর দুলিয়ে ঝড় তোলেন পরী মনি। একই গানে এবার পারফর্ম করলেন ছোটপর্দা-বড়পর্দার জনপ্রিয় মুখ সোহানা সাবা। সিনেমায় নয়, নাটকের জন্য গানটির তালে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ অভিনেত্রী।
মাহমুদ দিদার পরিচালিত নাটকটির নাম ‘অ-প্রেম’। লিখেছেন কিঙ্কর আহসান। ‘অ-প্রেম’-এ লিসা নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন সাবা। নাটকটি প্রসঙ্গে ‘খেলাঘর’ অভিনেত্রী শোবিজকে বলেন, “নাটকটিতে অভিনয় করে ভাল লেগেছে। বেশ কিছু চমক আছে গল্পে। অপরাধ জগতের দুইজন মানুষের ভালবাসার গল্প নিয়ে এগিয়েছে ‘অ-প্রেম’।”
নাটকটিতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও তাসনিয়া রহমান। নির্মতা মাহমুদ দিদার বলেন, “নাটকের নামে ‘অ-প্রেম’ দিয়ে বোঝানো হয়েছে অন্ধকারের প্রেম ও অসমাপ্ত প্রেম। জহির ও লিসা উভয়ে অপরাধজগতের মানুষ। তারা একে অপরকে ভালবাসে। তাদের প্রেম পরিণতি পাবে না জেনেও প্রেম টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্ট চালায়।’
১৫ অক্টোবর নাটকটির চিত্রায়ন শুরু হয়। লোকেশনের তালিকায় ছিল মগবাজার রেললাইন, বস্তি ও প্রিয়াঙ্কা শুটিং হাউজ। শুটিং শেষ হয় ১৭ অক্টোবর। ২০১৭ সালে ভালবাসা দিবসে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘অ-প্রেম’।


No comments:
Post a Comment