সর্বশেষ সংবাদ

নেতিবাচক চরিত্রে ছয় বছরের অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

Six-year-old-actress-in-the-role-of-negative-social-media-debate

 

ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় একটি চ্যানেল। গত কয়েকমাস যাবত এই চ্যানেলে সন্ধ্যা সাতটায় প্রচারিত হচ্ছে একটি টিভি সিরিয়াল ‘পটলকুমার গানওয়ালা’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছে ছয় বছরের অভিনেত্রী সিঞ্চনা সরকার। এই জনপ্রিয় ধারাবাহিকের খলনায়িকা রূপে প্রতিদিন দর্শকের সামনে হাজির হচ্ছে এই শিশুটি। আর তাতেই বিতর্ক সৃষ্টি হয়েছে দর্শক মহলে।


কলকাতার টালিগঞ্জ গার্লস স্কুলের ছাত্রী পর্দার তুলি রূপী সিঞ্চনা। নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হলেও এতে সে অভিনয় করছে নেতিবাচক চরিত্রে। তাই প্রশ্ন উঠছে, এই বয়সের শিশু অভিনেতাকে দিয়ে একটি নেতিবাচক চরিত্র করানো কতটা যুক্তিসঙ্গত! সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে চলছে বিতর্ক ও আলোচনা।

একজন দর্শক লিখেছেন, ‘তুলি ভালো অভিনয় করলেও তাকে গ্রহণ করতে পারছি না। এই বয়সের একটি বাচ্চা কি করে এত নেতিবাচক হয়! কতটুকু বাস্তবসম্মত?’ আরেকজন লিখেছেন, ‘শিশুদের কোমল মনে হিংসা ও স্বার্থপরতা প্রবেশ করানো হচ্ছে। যার প্রভাব বাস্তব জীবনেও পরতে শুরু করেছে।’

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘এটা একদম ঠিক হচ্ছে না। সাধারণ মানুষের জন্য এটি মোটেও ভালো বার্তা নয়। এটি অত্যন্ত কুরুচির পরিচয়। আমার বাড়িতেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি দেখেছি, মেয়েটি এত বুদ্ধি করে দুষ্টুমি করে যেটা ওর পক্ষে করা অসম্ভব। বাস্তবে এমন মেয়ে আছে কিনা আমার জানা নেই। তবে এতটা নেতিবাচক দিক দেখানো উচিত নয়। শিশু মনে এর প্রভাব পড়তে পারে।’

দীর্ঘদিন ধরে ‘তুলি’র খলচরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তবে সিঞ্চনার ব্যবহারে এর প্রভাব পড়তে পারে কিনা এই প্রশ্নের জবাবে মনোবিদ মোহিত রণদীপ বলেন, ‘আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে তাকে না দেখে বলাটা বেশ মুশকিল। দেখতে হবে কতটা নিজে থেকে অভিনয় করছে, আর কতটা ওকে দিয়ে করানো হচ্ছে।’

আদৌ কি ব্যবহারে পরিবর্তন এসেছে ছোট্ট সিঞ্চনার, এর জবাব দিলেন তার মা রীতা সরকার। তিনি বলেন, ‘আমার মেয়ে ক্যামেরার সামনে তুলি আর ক্যামেরার বাইরে সিঞ্চনা। এখনও পর্যন্ত ওর কোনও পরিবর্তন হয়নি। ও ভাল অভিনয় করছে। আমি তাতেই খুশি।’

সিঞ্চনার মা তার মেয়ের মধ্যে পরিবর্তন দেখতে না পেলেও দর্শক ব্যাপারটি ভালো নজরে দেখছেন না। কলেজ পড়ুয়া এক দর্শক জানান, ‘তুলি ভালো অভিনয় করলেও আমরা খুশি নই। আমার ভাইঝি ক্লাস ফোরে পড়ে। ওকে আমরা সিরিয়ালটা দেখতে দিই না। কারণ সেটা দেখে তারও এমন ব্যবহার শেখার ভয় আছে।’

ওদিকে যাদের নিয়ে এত বিতর্ক, সেই ‘পটলকুমার গানওয়ালা’ টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায় নি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.