সম্প্রতি ‘Padmavati’র মুক্তি নিষিদ্ধের দাবী জানিয়ে প্রতিবাদ করেছে রাজপুত নারীদের একটি দল।
মুক্তির আগে থেকেই উগ্রবাদী ধর্মীয় দল ‘শ্রী রাজপুত করনি সেনা’র তোপের মুখে পড়েছে সঞ্জয় লীলা বনসালীর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘Padmavati’।
চিতোরের রানি পদ্মিণীর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে বলে শুরু থেকেই দাবী করে আসছে দলটি।
ছবিতে রানি পদ্মিণীর সঙ্গে দিল্লির সুলতান আলাউদ্দীন খিলজীর একটি রোমান্টিক স্বপ্নদৃশ্য রয়েছে বলেও দাবী করেছে তারা।
ইন্ডিয়া টুডে জানায়, সম্প্রতি বেনারসে ‘Padmavati’র বিরুদ্ধে প্রতিবাদ করেছে রাজপুত নারীদের একটি দল। ইতিহাস বিকৃতি ও রানি পদ্মিণীকে ভুলভাবে উপস্থাপণের অভিযোগে এ প্রতিবাদ।
প্রতিবাদ চলাকালে পরিচালক সঞ্জয় লীলা বনসালীর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। এ সময় ‘Padmavati’র মুক্তি বন্ধের দাবীতে ব্যানার হাতে স্লোগানও দিতে দেখা গেছে তাদের।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘Padmavati’র ‘ঘুমর’ গানে রানি পদ্মিণীকে ভুলভাবে উপস্থাপণ করা হয়েছে বলে অভিযোগ তুলে সিনেমাটি নিষিদ্ধের দাবী জানিয়েছে মেওয়ার রাজপরিবারের সদস্য মহারাজকুমার বিশ্বরাজ সিং।
এ ছবির সেন্সর সনদপত্র বাতিল করার অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তথ্যমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠিও লিখেছেন তিনি।
এর আগে রাজস্থানের জয়পুরে শুটিং চলাকালে পরিচালক বনসালীর উপরে চড়াও হয়েছিল করনি সেনাদলের সদস্যরা। এ সময় ‘Padmavati’র শুটিং সেটের মূল্যবান সামগ্রী ধ্বংসসহ পরিচালকের গায়ে হাত তোলারও খবর পাওয়া গিয়েছিল।
১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত ‘Padmavati’র। চলমান প্রতিবাদ ও বিক্ষোভের মুখে কতটা টিকতে পারবে বনসালীর এ ছবি সময়ই বলে দেবে তা।


No comments:
Post a Comment