পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত SAKIB KHAN-এর সঙ্গে চলচ্চিত্র পরিবারের কেউ কাজ করবেন না বলে ঠিক করেছে চলচ্চিত্র পরিবার। সোমবার বিকেলে বিএফডিসিতে চলচ্চিত্র পরিবারের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এফডিসিভিত্তিক ১৮টি সংগঠন নিয়ে গঠিত এ চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়।
এতে বলা হয়, যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি না মেনে প্রযোজনার নামে 'প্রতারণা' করে একটি মহল ভারতীয় ছবি এ দেশে মুক্তি দিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার নীলনকশা তৈরি করছে। এ অনিয়ম রুখতে সোচ্চার হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার, কিন্তু শাকিব খান অবস্থান নিয়েছেন এই আন্দোলনের বিপরীতে। শুধু তাই নয়, ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে 'বাংলাদেশ চলচ্চিত্র পরিবার'-এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্য নেতৃবৃন্দকে কটাক্ষ ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
তাই সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্ত নিয়েছেন, চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন এবং পুরনো কোনো ছবির শুটিংয়ের কাজে 'বাংলাদেশ চলচ্চিত্র পরিবার'-এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্যই অংশগ্রহণ করবেন না।
চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তে শাকিব খান বলেন, 'ছবির শুটিং হবে কি-না এটা প্রযোজকদের সিদ্ধান্ত, আমি এটা নিয়ে ভাবছি না। আমি আমার মতো কাজ করে যেতে চাই। আমার মনে হয় আন্দোলনকারীরা জ্যেষ্ঠ শিল্পীদের ব্যবহার করছেন।'


No comments:
Post a Comment