আজ বেলা দুইটার সংবাদের পর চ্যানেল আইয়ে শুরু জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘সেরা গান’। অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন সংগীতশিল্পী Konal। টেলিভিশনের কাজ, গান ও সংসার মিলিয়ে কেমন কাটছে এই শিল্পীর দিন? রান্না করতে করতেই শনিবার দুপুরে ফোন ধরলেন তিনি। জানালেন সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে।
কী রান্না করছেন?
ছোট ভাইয়ের বন্ধুরা এসেছে। তাদের জন্য চিকেন রোস্ট ও ডিমের কোরমা করছি।
ঈদের আগে-পরে বেশ কিছু একক গান করেছেন?
‘ঈদ মোবারক’ গানটি অনেক অযত্নে করেছিলাম। কিন্তু শ্রোতারা সেটি পছন্দ করেছেন। বাপ্পাদার সঙ্গে একটি গান করেছি, ‘ঘুম জড়ানো দুচোখ মেলে’। শিগগিরই কুয়েত যাচ্ছি। যাওয়ার আগে গানটির ভিডিও শুট করে যাব। ঈদুল আজহায় সেটা দেখা যাবে। এ ছাড়া একটি অনুদানের ছবির গান করেছি। রাজনীতি ছবির গানটি দুই বছর আগে করা।
সিনেমাটা দেখেছেন?
সে রকম রাজকপাল সবার হয় নাকি? রান্নাবান্না আর কামলাগিরি করেই তো সময় শেষ।
চ্যানেল আইয়ে কাল (আজ) যে অনুষ্ঠান শুরু হচ্ছে, সেটা নিয়ে বলুন।
দেশের জনপ্রিয় বাংলা গানগুলোর গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং তাঁদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে একটি সরাসরি অনুষ্ঠান শুরু করছি। শিল্পী সম্পর্কে এবং শিল্পীর সঙ্গে কথা বলবেন অতিথিরা। থাকবেন শিল্পীর আত্মীয়স্বজনও। ধীরে ধীরে এতে দর্শকদের সম্পৃক্ত করা হবে।
প্রস্তুতি কেমন?
রেকর্ডেড অনুষ্ঠান হলে ইচ্ছেমতো সাজানো যায়। কিন্তু সরাসরি অনুষ্ঠান নিয়ে অনেক সচেতন থাকতে হয়। প্রথমে কয়েকটি পর্বে একটু ব্রেইনস্ট্রর্মিং করতে হবে। পরে হয়তো ঠিক হয়ে যাবে। অন্তত চারটি পর্ব না গেলে বোঝা যাবে না।
একক অ্যালবাম করবেন না?
অ্যালবামের চল আর নেই। এখন সিঙ্গেলের যুগ। মনে হয়, আমারও তা-ই করা উচিত। বন্ধু দিবসে খুব সুন্দর একটি গান আসছে। গীতিকার-সুরকারের ব্যাপারে এখন কিছু বলব না।
এখনকার ভিডিওকেন্দ্রিক গানগুলো কেমন হচ্ছে?
ভিডিও যদি সংগীতকে সঙ্গ দেওয়ার জন্য করা হয়, তাহলে ভালো। কিন্তু ভিডিও যদি মুখ্য হয়ে যায়, তাহলে সমস্যা। যদি ভিডিও বানানোর কথা ভেবে গান বানানো হয়, তাহলে তো গানটি গৌণ হয়ে পড়ে। মিউজিক ভিডিও নতুন কিছু নয়। ছোটবেলা থেকে মাইকেল জ্যাকসন, ম্যাডোনার গানগুলো দেখে আমরা বড় হয়েছি। আমরা অনেক দেরিতে শুরু করেছি। আমার ভিডিও অনেক কম, কিন্তু ভিডিও আমার ভালোই লাগে। তবে গানের প্রতি মনোযোগ বেশি থাকা দরকার।
এত কাজের ফাঁকে সংসারে সময় দেন কীভাবে?
সময় দিচ্ছি, এখন আমার সংসারের প্রথম স্টেজ। সংসার ও গান সমন্বয় করে করছি। বিয়ে করলে সিনেমা, গান, ক্যারিয়ারের কী হবে—এসব শুনলে হাসি পায়। আমি দেখি উল্টো। বিয়ের পর আমার সাপোর্ট বেড়েছে, সুবিধা হচ্ছে। এখন এমন একজন আছেন, যাঁর থেকে সব সময় সব কাজে সাহস ও সহযোগিতা পাই।


No comments:
Post a Comment