Shradha Kapoor-এর নিজের পেশার প্রতি শ্রদ্ধা সত্যি অবাক করার মতো। এই বলিউড সুন্দরী এখন নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাচ্ছেন। না, ফিটনেসের জন্য নয়, নিজের আগামী ছবির জন্য।
অলিম্পিক পদকজয়ী প্রখ্যাত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা। তাই পর্দায় নিজেকে সাইনা হিসেবে প্রতিষ্ঠিত করতে এখন উঠেপড়ে লেগেছেন তিনি। শুধু যে ব্যাডমিন্টন শিখছেন তা নয়; এই হাফ গার্লফ্রেন্ড অভিনেত্রী এখন সাইনার সঙ্গেও সময় কাটাচ্ছেন। সাইনার আদবকায়দা, হাঁটাচলা, চিন্তাভাবনা—সবকিছু আত্মস্থ করার চেষ্টা করছেন। শোনা যাচ্ছে, ক্রীড়া ব্যক্তিত্বের ওপর নির্মিতব্য এই বায়োপিককে ঘিরে রীতিমতো স্নায়ুর চাপে ভুগছেন শ্রদ্ধা।
পরিচালক আমল গুপ্তেও সাইনার বায়োপিকটিকে ঘিরে রীতিমতো চিন্তামগ্ন। কাজে যাতে কোনো ফাঁকফোকর না থাকে সে জন্য প্রতিনিয়ত সাইনাকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। পরিচালক সাইনার হায়দরাবাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়পরিজনের সঙ্গে সাক্ষাৎও করেছেন। ব্যাডমিন্টন কোর্টে সাইনার পারফরম্যান্সের সব ভিডিও জোগাড় করে একেবারে এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলছেন।
এখনো নাম ঠিক না হওয়া সাইনার জীবনীভিত্তিক ছবিটি হবে শ্রদ্ধা অভিনীত দ্বিতীয় বায়োপিক। এর আগে এই অভিনেত্রী অপরাধ জগতের কুখ্যাত ব্যক্তিত্ব দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের আত্মজীবনীতে কাজ করেছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত হাসিনা: দ্য কুইন অব মুম্বাই ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে হাসিনার চরিত্রে। ছবিটি আগামী ১৪ জুলাই মুক্তি পাবে।


No comments:
Post a Comment