Road Accident-এর কবলে পড়ে ‘দঙ্গল’ সিনেমাখ্যাত কিশোরী অভিনেত্রী জাহিরা ওয়াসিম। কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে এই অভিনেত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় অবিশ্বাস্যভাবে তাঁকে ডাল লেক থেকে উদ্ধার করা হয়। জাহিরার সঙ্গে তাঁর বন্ধুরাও সেই গাড়িতে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, আনুমানিক রাত নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি অতিরিক্ত গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে ডাল লেকে পড়ে যান।
ডাল লেকের স্থানীয় কয়েকজন বলেন, জাহিরাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়। তা না হলে আরও খারাপ কিছু হতে পারত। কিন্তু তাঁর সঙ্গে থাকা বন্ধু আরিফ আহমেদ একটু বেশি আহত হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
জাহিরার জন্ম ও বেড়ে ওঠা কাশ্মীরেই। ১৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য এবার সেরা পার্শ্ব-অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
‘দঙ্গল’ সিনেমায় অভিনেতা আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল জাহিরা। এক সিনেমা দিয়েই বাজিমাত করা এই অভিনেত্রী ‘দঙ্গল’-এ কমনওয়েলথ গেমসে কুস্তিতে স্বর্ণজয়ী গীতা ফোগাতের ভূমিকায় ছিল। সামনে তাকে দেখা যাবে আমির প্রযোজিত ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ। সেখানে সে এক সংগীতপ্রিয় কিশোরীর চরিত্রে অভিনয় করেছে, যে পৃথিবীকে তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করতে চায় কিন্তু বাবার বাধায় সেটা সম্ভব হয় না। পরে সে বোরকা ও নিকাব পরে অনলাইনে তার গান নিয়ে হাজির হয় ও জনপ্রিয় হয়ে ওঠে। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে আমির খানকেও দেখা যাবে। এই সিনেমা মুক্তি পাবে ৪ আগস্ট। তথ্যসূত্র: জুম টিভি


No comments:
Post a Comment