প্রতি ঈদে ছোটপর্দার অন্যতম আকর্ষণ ছোটকাকু সিরিজ। রহস্য গল্প অবলম্বনে নির্মিত এ সিরিজের এবারের অভিযান খুলনায়। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে 'খেলা হলো খুলনায়' শিরোনামে সিরিজটি পরিচালনা করছেন Afzal Hossain।
পাশাপাশি 'ছোটকাকু' চরিত্রে অভিনয় করছেন তিনি। গল্পে দেখা যায়, খুলনার খয়রিয়া গ্রাম থেকে ছোটকাকুর কাছে ছুটে এসেছেন ননী গোয়ালা। তিনি জানান, সাউথ আফ্রিকা থেকে খেলোয়াড় মিন্টুকে খুঁজতে ছুটে এসেছেন এক আফ্রিকান ভদ্রলোক ও ফ্রেঞ্চকাট দাড়িঅলা আহসানুল করিম। জানা যায়, এক অদ্ভুত ব্যাটের খোঁজে সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছেন পেড্রো ডি গোমেজ। মিন্টুদের বাড়ি, পাড়ার ক্লাবঘর সবকিছু তছনছ করেও তারা ব্যাট খুঁজে পায়নি। আর তার রহস্য উদ্ধার করতেই ছোটকাকুর দল এবার খুলনায়।
আট পর্বের এ সিরিজে আরও থাকছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে চাঁদরাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক এ সিরিজ।


No comments:
Post a Comment