চার বছর পর আবারও টেলিছবিতে অভিনয় করলেন চিত্রনায়িকা কেয়া। সকাল আহমেদের পরিচালনায় 'বসন্ত যায় বসন্ত আসে' EID-এর টেলিছবিতে দেখা যাবে তাকে। এতে তিনি অভিনয় করেছেন জোহরা চরিত্রে। সম্প্রতি উত্তরার বিভিন্ন স্থানে টেলিছবির দৃশ্যধারণ সম্পন্ন হয়।
কেয়া বলেন, ''চলচ্চিত্রের ক্যারিয়ারে ছোট পর্দার জন্য খুব বেশি কাজ করা হয়নি। বড়জোর তিন-চারটি কাজ করেছি। কারণ এ বিষয়ে আমি অনেক সতর্ক। মনের মতো গল্প ও চরিত্র না হলে আমি কাজ করি না। 'বসন্ত যায় বসন্ত আসে' টেলিছবির গল্পটি অন্যরকম। তাই চার বছর পর আবারও টেলিছবিতে অভিনয় করেছি। আশা করি, টেলিছবিটি সবার ভালো লাগবে।'' আসছে ঈদে এটি প্রচার হবে এসএ টিভিতে।
কেয়া আরও জানান, সর্বশেষ তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে 'পিছুডাক' টেলিছবিতে অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। অন্যদিকে প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নানের পরিচালনায় বাপ্পারাজের বিপরীতে প্রথম টিভি নাটকে অভিনয় করেন কেয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সাফি উদ্দিন সাফির 'ব্ল্যাকমানি'। এতে তার বিপরীতে ছিলেন সাইমন। শিগগিরই কেয়া 'শিরোনামে তুমি' চলচ্চিত্রের শুটিং শুরু করবেন।


No comments:
Post a Comment