Vidya Sinha Mim। মডেল ও অভিনেত্রী। সম্প্রতি এনটিভির একক নৃত্যানুষ্ঠান 'ছন্দে জাগে প্রাণ'-এ অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ব্যস্ত রয়েছেন সর্বমোট পাঁচটি ছবির কাজ নিয়ে। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন তিনি_
'ছন্দে জাগো প্রাণ' অনুষ্ঠানে কোন কোন ঘরানার নাচ থাকছে?
এ অনুষ্ঠানে দর্শক নতুন এক মীমকে খুঁজে পাবেন। চলচ্চিত্রে বা বিভিন্ন অনুষ্ঠানে যেরকম নাচ করি, এ অনুষ্ঠানটি তার চেয়ে ভিন্ন। মেকআপ গেটআপেও পরিবর্তন আনতে হয়েছে। এতে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ও নজরুলের গানে নাচ করা। এর বাইরে আধুনিক, ফিউশনধর্মী এবং ফোক ঘরানার নাচও আছে। তবে ইচ্ছা করেই কোনো চলচ্চিত্রের গান রাখিনি। একজন নৃত্যশিল্পী সচরাচর যেভাবে নাচ করেন, সেভাবেই অনুষ্ঠানটি করতে চেয়েছি। গানগুলোর সঙ্গে কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন।
টেলিভিশন অনুষ্ঠান নিয়ে আর কোনো ব্যস্ততা আছে?
আমার অভিনীত 'গুডমর্নিং লন্ডন' ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইতে। এ ছাড়া মাবরুর রশীদ বান্নাহ্র 'সেই সময় তুমি আমি' শিরোনামে একটি টেলিছবিও প্রচার হবে এই চ্যানেলে। মোবাইল যুগের আগে ষাটের দশকের এক জুটির প্রেমের গল্প নিয়ে এই নাটকটি। এ ছাড়া এটিএন বাংলার 'স্টার ক্যানভাস' শিরোনামে তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছি।
এ মুহূর্তে চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা কেমন?
এখন সব মিলে পাঁচটি ছবির কাজ চলছে। এর মধ্যে 'দুলাভাই জিন্দাবাদ' ছবির ডাবিং শেষ করলাম। এ মাসের ১৭ তারিখ থেকে সুইজারল্যান্ডে সৃজিশ মুখার্জির 'ইয়েতির অভিযান' ছবির দৃশ্যধারণ শুরু হবে। সেখান থেকে ফিরে এসে 'দাগ' ও 'পাষাণ' ছবির বাকি দৃশ্যধারণ শেষ করব। দুই ঘণ্টা করে সময় দিলেই এ ছবি দুটির দৃশ্যধারণ শেষ হবে। এরপর ১০ জুলাই থেকে একটানা আগস্ট পর্যন্ত 'ওলট-পালট' ছবির কাজে কলকাতায় থাকব।
ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আছে?
শুটিংয়ের ব্যস্ততা থাকলেও ঈদের দিনটা পরিবারের সবার সঙ্গেই কাটাব। তবে হলে গিয়ে ঈদের সব ছবি দেখব। টিভি অনুষ্ঠানগুলোও নিয়মিত দেখার ইচ্ছা আছে।


No comments:
Post a Comment