একদিনের গল্পনির্ভর রোমান্টিক (Romantic) আবহের টেলিছবিতে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী তারিন। দীর্ঘ সাত বছর পর চলচ্চিত্র ও নাট্যনির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর চিত্রনাট্য ও নির্দেশনায় নতুন এ টেলিছবির নাম 'হেনা'।
এতে তারিন অভিনয় করছেন হেনাকুমারী নামে এক সাধারণ মেয়ের চরিত্রে। অন্যদিকে আফজাল হোসেন অভিনয় করছেন ইসমত চরিত্রে। গাজীপুরের ভবানীপুরের একটি রিসোর্টে গতকাল থেকে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। দৃশ্যধারণের কাজ চলবে আগামীকাল ২ মার্চ পর্যন্ত।
তারিন বলেন, 'রোমান্টিক গল্প হলেও এটি প্রচলিত প্রেমের গল্প নয়। এখানে প্রথম দেখায় প্রেম বা অর্থনৈতিক বৈষম্য যেমন নেই, তেমনি প্রচলিত প্রেমের গন্ধও নেই। এটি একদিনের দেখা হওয়ার রোমান্টিক এক গল্প। এর সঙ্গে প্রকৃতি যেমন জড়িত, তেমনি জড়িয়ে আছে গান। নাটকটির সংলাপ ও নির্মাণের ধরন আমার ভালো লেগেছে। আশা করছি, চমৎকার একটি কাজ হবে। পাশাপাশি অনেকদিন পর আফজাল ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভালো লেগেছে।'
নির্মাতা জানান, এ নাটকে আফজাল ও তারিন ছাড়াও আছেন সঙ্গীতশিল্পী সন্দীপন। তার কণ্ঠে একটি গানও ব্যবহার করা হয়েছে এতে। গল্পের প্রয়োজনেই গানটি করা। টেলিছবিটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।


No comments:
Post a Comment