সর্বশেষ সংবাদ

প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar) এর হৃদয়জুড়ে

'আমি হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত। তার হিমু, মিসির আলী সিরিজ আমার মুখস্থ। প্রিয় এ লেখকের অনেক বই আমার সংগ্রহে আছে। তার বই পড়ার পর থেকেই এ দেশে আসার খুব ইচ্ছা। এবার যখন ঢাকায় পা রাখলাম। অনুভব করছিলাম, এই সেই শহর যেখানে হিমুরা হলুদ পাঞ্জাবি গায়ে, খালি পায়ে ঘুরে বেড়ায়। যেখানে হিমুর গল্প, স্মৃতি ও রুপাদের বসবাস। কথাগুলো মনে করে, কেমন জানি লাগছিল। মনে হচ্ছিল এই শহর আমার চিরচেনা।' এভাবেই বলছিলেন, ওপার বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar) ।

প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar) এর হৃদয়জুড়ে

 ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালি পর্দায় আগমন ঘটে তার। এরপর একে একে অভিনয় করেন সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনী', অঞ্জন দত্তের 'ব্যোমকেশ ও চিড়িয়াখানা', অর্ক সিনহার 'নীলাঞ্জনা'সহ একাধিক ছবিতে। গত শুক্রবার রফিক সিকদারের 'হৃদয়জুড়ে' চলচ্চিত্রের সুবাদে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। বিএফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়। জানতে চাই, বাংলাদেশে এসে কেমন লাগছে? তিনি বলেন, 'অনেক দিনের ইচ্ছা ছিল এ দেশে আসার। এবার 'হৃদয় জুড়ে' ছবির কারণে সে ইচ্ছে পূরণ হলো। দারুণ লাগছে।'

আপনার পূর্ব পুরুষের ভিটাও তো এ দেশে? হ্যাঁ, মুন্সীগঞ্জের বিক্রমপুরে ছিল আমাদের আদি ভিটা। ৪০ দশকের শেষদিকে এখান থেকে সবাই কলকাতায় চলে যায়। তবে আমাদের অনেক আত্মীয় এখনও বিক্রমপুরে আছেন। 

তার ভাষ্য, 'বাবা-চাচার মুখে বাংলাদেশের অনেক গল্প শুনেছি। অনেক দূর সম্পর্কে আত্মীয় এখনও এদেশে বসবাস করছেন। এ কারণে বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টানও আছে। এবার তো আর পূর্বপুরুষের ভিটা বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার সময় পাব না। তবে ইচ্ছা আছে শুটিংয়ে যে লম্বা সময় নিয়ে আসব, তখন বিক্রমপুরে যাব। একমাত্র সন্তান সহজকেও সঙ্গে নিয়ে আসব। তখন বাপের ভিটা ও আত্মীয়দের সঙ্গে দেখা করা হবে।'

বাংলাদেশের ছবিতে কাজ করার প্রস্তাব পেলেন? এমন প্রশ্ন মনে আসতেই পারে। তার কাছে জানতে চাইলে তিনি জানান, 'হৃদয়জুড়ে' চলচ্চিত্রের পরিচালক রফিক শিকদার ও প্রযোজনা প্রতিষ্ঠান 'ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড'-এর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন প্রিয়াঙ্কা অন্য একটি ছবির শুটিংয়ে দার্জিলিংয়ে ছিলেন। কলকাতায় আসার পর এ নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেন প্রিয়াঙ্কা। সবকিছু জানার পরই এতে অভিনয়ের জন্য রাজি হন এই অভিনেত্রী। 

'হৃদয়জুড়ে' চলচ্চিত্রে নীলিমা চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন নীরব। প্রিয়াঙ্কা বলেন, 'ছবিতে আমার চরিত্রের নাম নীলিমা। সে স্মার্ট ও খুব বাস্তববাদী। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।' ভালো কাজের প্রস্তাব পেলে আগামীতেও এদেশের ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন কলকাতার এ জনপ্রিয় অভিনেত্রী।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.