নাবিলা (Nabila) । উপস্থাপক ও অভিনেত্রী। একুশে টিভিতে আজ রাতে প্রচার হবে রান্না ও আড্ডাবিষয়ক অনুষ্ঠান 'এক ডিস দুই কুক'। এ অনুষ্ঠান উপস্থাপনা ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি-
হঠাৎ রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন, কেমন লাগছে?
'এক ডিস দুই কুক' অনুষ্ঠানের ধরন এবং এর নির্মাণ পরিকল্পনা শুনে ভালো লেগেছে। তাই আগে কখনও রান্নার অনুষ্ঠান না করলেও এবার আপত্তি করিনি। কারণ এটি অন্যান্য রান্নার অনুষ্ঠান থেকে একেবারে আলাদা। রান্নার চেয়ে এখানে তারকাদের প্রিয় মানুষ এবং তাদের সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে জন্য অনুষ্ঠানটিকে একই সঙ্গে সেলিব্রেটি আড্ডা ও রান্নার অনুষ্ঠান দুটোই বলা যায়।
কিন্তু অনুষ্ঠান নামের সঙ্গে রান্নার বিষয়টি প্রাধান্য পেয়েছে?
এমন মনে হওয়া স্বাভাবিক । আমারও মনে হয়েছিল, যেহেতু এটা শুধু রান্নার অনুষ্ঠান নয়, তাহলে 'এক ডিস দুই কুক' নাম রাখার যৌক্তিটা কী? আমার প্রশ্নের উত্তর পেয়েছিলাম উপস্থাপনা শুরুর আগেই। নির্মাতারা জানিয়েছিলেন, শুরুতে এটা রান্নার অনুষ্ঠানই ছিল। কিন্তু একই রকম অনুষ্ঠান দর্শক আর কত দেখবে_ এ কথা ভেবেই এতে ভিন্নমাত্রা যোগ করা হয়। অনুষ্ঠানের পুরো ছক বদলে ফেললেও নাম পরিবর্তন করা সম্ভব হয়নি। কারণ নাম পরিবর্তন নিয়ে পৃষ্ঠপোষকদের আপত্তি ছিল। এ কারণে শেষমেশ এ নামই রাখা হয়।
অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সেদিক থেকে 'এক ডিস দুই কুক' কতটা আলাদা বলে মনে হচ্ছে?
আগে যেসব অনুষ্ঠান উপস্থাপনা করেছি, তার বেশির ভাগই ছিল তারকাপ্রধান। তারকারা এ অনুষ্ঠানেও থাকছেন কিন্তু তাদের সঙ্গে যে বিষয় নিয়ে আড্ডা হচ্ছে, তার বিষয় ভিন্ন। যে জন্য এ অনুষ্ঠান উপস্থাপনা করেও অসম্ভব আনন্দ পাচ্ছি। অতিথিদের সঙ্গে কথা বলে তাই জানতে পারছি, তাদের প্রিয় মানুষ কারা, সেই মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা কতটুকু, দৈনন্দিন ব্যস্ততায় সেই সম্পর্ক কীভাবে ধরে রেখেছেন- এমন অনেক অজানা কথা। এর সঙ্গে তাদের রান্নার একটি পর্ব তো থাকছেই।
ভিন্ন প্রসঙ্গে আসি। এবার বলুন 'আয়নাবাজি'র সফল অভিনেত্রীকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে?
এটা তো নিশ্চিত করে বলতে পারছি না। অপেক্ষায় আছি, 'আয়নাবাজি'র মতো ভালো কোনো ছবিতে অভিনয়ের সুযোগের। যখন সে সুযোগ আসবে তখন আবার বড় পর্দায় আমাকে দেখতে পাবেন।
অভিনয় যখন করছেন, তখন নাটকে কেন নয়?
নাটক নয়, শুধু চলচ্চিত্রে অভিনয় করতে চাই। যদি কখনও কোনো নাটকের গল্প পড়ে মনে হয়, কাজটা ভিন্ন ধাঁচের হবে তাহলে হয়তো অভিনয় করব। তবে ছোট পর্দায় অভিনয়ের চেয়ে উপস্থাপনা বেশি ভালো লাগে। বলেতে পারেন, উপস্থাপনা আমার ধ্যান-জ্ঞান।


No comments:
Post a Comment