পত্রপল্লবে নববসন্তের সাজ। সবুজ কুঁড়ির ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে পলাশ-শিমুল ফুল। রূপ-রস-গন্ধে চারদিক আনন্দে মাতোয়ারা। এমন দিনে আঁচলে দখিনা সমীরণ ভর করে যায়। ঝরাপাতার সঙ্গে নিক্কন পা ফেলে ধেয়ে চলে সবুজ শ্যামল মেয়ে। বসন্তের এ দখিন সমীরণে কাব্যকথায় ঝরাফুলের গান শুনতে ভালোবাসেন অভিনেত্রী মৌসুমী হামিদ (Mousumi Hamid)।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের চিরচেনা গণ্ডি থেকে তাই সুযোগ পেলেই ছুট দেন তিনি। জানান, সপ্তাহে ছুটি শুধু একদিন। তাই ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্রাম শেষে নিজেকে ফিট রাখতেই কেটে যায় দিন। এর মধ্যে এ সময়টায় কোনো কোনো আয়োজন থাকবেই। তবে জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান যাই হোক, বসন্তের সাজে নিজেকে সাজিয়ে নিতে ভোলেন না তিনি।
বর্তমানে মৌসুমী হামিদ অভিনীত 'অলসপুর', 'সংসার', 'গায়ে মানে না আপনি মোড়ল', 'বৃষ্টিদের বাড়ি', 'সিনেম্যাটিক' ধারাবাহিকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। অধিকাংশ সময় ধারাবাহিকের দৃশ্যধারণে ব্যস্ত থাকলেও এবার নিজেকে তিনি প্রস্তুত করছেন বড় পর্দার জন্য। এর আগে 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু', 'মেন্টাল', 'ব্ল্যাকমেইল' ও 'জালালের গল্প' ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে তার হাতে রয়েছে সুমন আনোয়ারের নতুন ছবি 'কয়লা'। ছবির গল্প নদী, নারী ও জেলেপাড়া নিয়ে। নদীপাড়ের এক সংগ্রামী জেলেকন্যার চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। এক ছবিতে দুটি ভিন্ন রূপে হাজির হবেন তিনি। প্রথমদিকে স্বাভাবিক, শেষাংশে হাড়লিকলিকে ক্ষয়িষ্ণু জেলেকন্যা রূপে। এ জন্য নিজের ওজন কমানোর পাশাপাশি জেলেপাড়ার ভাষা রপ্ত করছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম ও রওনক হাসান। মৌসুমী জানান. চলচ্চিত্রের জন্য এখন ধারাবাহিক নাটকের কাজ কমিয়ে দিয়েছেন।
সম্প্রতি তারেক মিয়াজির 'বকেয়া মজিদ' নাটকে লতিকা বানু নামে এক গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। নগরকেন্দ্রিক চরিত্র থেকে লতিকা বানু চরিত্রটি ভিন্ন এবং অনেক বেশি মজার। এ নাটকের মাধ্যমে মৌসুমীকে অনেকদিন পর দেখা যাবে জাহিদ হাসানের বিপরীতে। নতুন এ নাটক ছাড়াও সম্প্রতি 'শর্টকাট ভালোবাসা' নামে আরেকটি একক নাটকের কাজ শেষ করেছেন মৌসুমী।
অভিনয় ছাড়াও মৌসুমী ব্যস্ত জিটিভির 'আজকের অনন্যা' উপস্থাপনা নিয়ে। দীর্ঘদিনের জনপ্রিয় এ অনুষ্ঠানে কিছুদিন হলো উপস্থাপনা শুরু করেছেন তিনি। মৌসুমী জানান, অনুষ্ঠানটির মান এবং জনপ্রিয়তার কথা ভেবেই উপস্থাপনা করতে রাজি হয়েছেন তিনি; কিন্তু এ ক্ষেত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তার।


No comments:
Post a Comment