এনটিভিতে (ntv) শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জলরং’। আমজাদ হোসেনের কাহিনি অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন সোহেল আরমান।
নাটকটিতে অভিনয় করেছেন আনিসুল রহমান মিলন, সাদিয়া জাহান প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, আমজাদ হোসেন, লায়লা হাসান, সুমাইয়া শিমু, সিয়াম, সাফা কবির, নাইম, প্রমূখ।
‘জলরং’ নাটকের গল্পে দেখা যাবে, মোমেন আলী পৈতৃক সূত্রে একটি দোতলা বাড়ির মালিক। স্ত্রী, তিন ছেলেমেয়ের সংসার আর তার সাথে একটি ভাড়াটিয়া, পাড়া প্রতিবেশী। মোমেন আলী নিজে পেশায় ডাক্তার। বড় ছেলেও বাবার মত ডাক্তারি পেশা বেছে নিয়েছে। ছোটো ছেলে অনেক মেধাবী হয়েও দিনের পর দিন বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বড় মেয়ে প্রেম করে বিয়ে করেছে ঠিকই কিন্ত প্রতিদিনই স্বামীর সাথে মনোমালিন্য হচ্ছে।
অন্যদিকে বাড়ির ভাড়াটিয়াদের নিয়েও কম ভুগছেন না মোমেন আলী। সময় মত ভাড়া পায়না কখনো আর তার সাথে নানান রকম ঝুট-ঝামেলাতো আছেই। জীবনের গতি জলের মতই, আর তাতে গিয়ে মেশে মনের রং। এমনই জীবনের টানাপোড়া, নিত্য দিনের সুখ-দুঃখ, আনন্দ আর বেদনা এইসব নিয়েই এগিয়ে গেছে নাটকের কাহিনি।
সোমবার থেকে এনটিভির পর্দায় নাটকটির সম্প্রচার শুরু হবে। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।


No comments:
Post a Comment