সম্প্রতি শেষ হয়েছে ‘শ্রেয়ার শেষ ঠিকানা’ নামে একটি একক নাটকের (Natok) শুটিং। শিগগির টেলিভিশনে দেখানো হবে সেটি। তরুণ পরিচালক ইমরান রনি জানালেন তারকা দম্পতি নাদিয়া-নাঈমকে নিয়ে তাঁর কাজের অভিজ্ঞতার কথা।
দম্পতির চরিত্র চিত্রায়ন নাদিয়া-নাঈমের কাছে জলের মতো সহজ। নিজেরা দম্পতি বলেই নয়, তাঁদের ভেতরে বোঝাপড়া চমৎকার। সে জন্য এ জুটির সঙ্গে কাজের অভিজ্ঞতাও অসাধারণ, বললেন ইমরান রনি। জানালেন তিন দিনের শুটিংয়ে দারুণ সহযোগিতা করেছেন এই দুই শিল্পী। ‘ভালো শিল্পীরা হেল্প ফুল হয়। দুজনের সঙ্গে কাজ করার পর সেটা বুঝেছি’, বললেন রনি। বারোভূত প্রোডাকশন হাউসের নাটক ‘শ্রেয়ার শেষ ঠিকানা’ শুটিং হয়েছে উত্তরা ও নবাবগঞ্জে। চলছে কাটাছেঁড়া ও সম্পাদনার কাজ।
‘শ্রেয়ার শেষ ঠিকানা’ নাটকটির চিত্রনাট্য লিখেছেন আশরাফুজ্জামান। নাদিয়া আহমেদ, এফএস নাঈম ছাড়াও এতে অভিনয় করেছেন আশিক চৌধুরী, রিজভীনা মৌসুমি প্রমুখ। আর যে শিশুকে নিয়ে নাটকের কাহিনি, সেই শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছে ওয়ানিয়া জারিন। আগেও একটি নাটকে অভিনয় করেছে সে। তবে এখনো প্রচার হয়নি সেটা।


No comments:
Post a Comment