পর্বঃ চিত্রনাট্য ও কাহিনী
বাংলাদেশের “মৌলিক” সিনেমার মোটামুটি দাফন হয়ে গেছে ২০০০এর পরপরই।”চৌধুরী সাহেব” আর “বিশ বছরের আগের প্রতিশোধের” চক্করে পড়ে “তিতাস একটি নদীর নাম” কিংবা “আলোর মিছিল” টাইপ মুভিগুলো কালের অতল গহ্বরে হারিয়ে গেছে।কিন্তু বাংলা নাটক এই একটা দিকে আমাদের এক্সপেরিমেন্টাল ক্ষুধাটুকু বাচিয়ে রেখেছিল।

সিনেমায় এক্সপেরিমেন্ট করার সাহস না পেলেও নাট্যকাররা চমৎকার সব সফল এক্সপেরিমেন্ট চালিয়েছেন। ইটিভিতে একটা নাটক হয়েছিল “লাল পিরান”,অনেকেই অঝোর ধারায় কেঁদেছিলেন নাটকটা দেখে। কিংবা “করিমন বেওয়া”র নাজমা আনোয়ার বেচে আছেন আমার মতন অনেক মানুষের মনে।
“উল্টো ধারা”,”দিল দরিয়া”,”বৃক্ষমানব” থেকে শুরু করে ২০০৮এর “উচ্চমাধ্যমিক পরিবার” কিংবা “বরাবর স্যার”,এনটিভিতে প্রচারিত, “বালা” কিংবা ফাহমির “উচ্চতর পদার্থবিজ্ঞান” প্রত্যেকটা নাটক ছিল একেকটা মাস্টারপিস। আর এখন?বছর গুনে হাজারখানেক নাটক পাওয়া যাবে,এর মাঝে কয়টা নাটক আছে মনে রাখার মতন?
আগে নাটক হত পরিবারকেন্দ্রিক কিংবা একটা কমিউনিটি কেন্দ্রিক।
পুরো নাটকে দুঃখ,আনন্দ,বেদনা,প্রেম,বিচ্ছেদ,ফান সব কিছুর একটা কম্বিনেশন ছিল।পুরা নাটকে হাসতে হেচকি উঠলে শেষেরটায় হয়তো বিষণ্ণ মন নিয়ে টিভিসেট ছেড়ে উঠতাম। গর্ব করার মতন একটা জিনিস ছিল বাংলা নাটক,ভিসিডি কিনে বাংলাদেশের নাটক দেখত কলকাতার বন্ধুরা।
এই সুন্দরের ধারাটা মোটামুটি ২০১০এর পরপরই মরে গেছে।
এখন কি চলছে?
১।স্ক্রিপ্টহীন নাটক যেটার শুরুটা ফারুকী চমৎকারভাবে করে গিয়েছিল,কিন্তু এখন এইটা সিম্পলি একটা বর্জ্য পদার্থে পরিণত হয়েছে।
২।বিদেশী সিনেমা থেকে দিব্যি মেরে দেয়া রিমিক্স বানিয়ে বাহবা কুরানোর চেষ্টাও দৃশ্যমান।
৩।নাটকে না থাকে কোন পরিবার,না বাবা মা ভাই বোন,অরফানেজে বড় হওয়া কতগুলো যুবক-যুবতীর খেলাধুলার গল্প দিয়েই এক ঘণ্টার নাটক শেষ।
৪।নাটকের মূল উপজীব্য ছিল সমাজের সব লেভেলের মানুষের জীবন আর এখন তা আটকে গেছে সোশ্যাল মিডিয়া আর বিছানার মাঝে।
৫।আঞ্চলিক ভাষার নামে কতক বিরক্তকর মাথামুণ্ডু বিহীন নাটকে চলে জোর করে কাতুকুতু দিয়ে হাসানো।
৬।তাহসানীয় প্রেম কাহিনীভিত্তিক নাটকসমগ্রের কথা না বলা অন্যায় হবে।আগে শুধু রোমান্টিক নাটকগুলো ছিল অপাংক্তেয়।মানুষ অতি বিরস বদনে এক ঘন্টাজুড়ে শুধু প্রেমের কচকচানি শুনত।আর এখনকার বাজারে এইসব নাকি টপরেটেড!
আরও অনেক কিছুই লিখার মতন ছিল…লিখছি না…কিন্তু শেষে এসে লাইনটা না লিখে পারছি না…মধ্যবিত্তের ড্রইং রুমের নাটক যখন বড়লোকের বেডরুমের গল্প হয়ে গেল ঠিক তখন থেকেই বাংলা নাটকের পতনটা শুরু।

No comments:
Post a Comment