বিশ্বজুড়ে জ্যাকি চ্যান (Jackie Chan) কে সবাই অ্যাকশন তারকা হিসেবেই চেনেন। তিনি কিনা বলছেন, স্টান্ট করতে তাঁর ভয় লাগে! অবাক করা হলেও এ কথা সত্যি। কারণ, স্বয়ং জ্যাকি তাঁর এই ভয়ের কথা প্রকাশ করেছেন।
চীন ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘কুংফু ইয়োগা’তে জ্যাকি চ্যান (Jackie Chan) অভিনয় করেছেন। শুধু মারপিট নয়, এই ছবিতে তাঁকে নাচতেও দেখা যাবে। গত সোমবার ছবির প্রচারণায় অংশ নিতে ভারতে এসেছেন এই কুংফু তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আমি অ্যাকশন দৃশ্যে অভিনয় করি। কিন্তু এ ধরনের দৃশ্যে অভিনয় করার সময় আমার অনেক ভয় লাগে। যখনই আমি মারাত্মক কোনো অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে যাই, আমার মনে হয়, এটিই হয়তো আমার জীবনের শেষ দৃশ্য!’
জ্যাকি চ্যান (Jackie Chan) জানান, দর্শকের সমর্থন ও ভালোবাসাই তাঁকে বারবার ভিন্ন ধরনের অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য উৎসাহ জোগায়। দর্শককে খুশি করাই তাঁর উদ্দেশ্য।
৬২ বছর বয়সী এই অভিনেতা অবশ্য জীবনের এই পর্যায়ে এসে একটি বিষয়ে কিছুটা সন্দিহান। বয়স হয়ে গেছে, আর কত দিন স্টান্ট বা অ্যাকশন সিনেমায় অভিনয় করতে পারবেন, সেটা নিয়ে কিছুটা দ্বিধা আছে মনে। অবশ্য, যত দিন পারবেন, তত দিন অ্যাকশন দৃশ্য করে যেতে চান এই অভিনেতা।


No comments:
Post a Comment