‘স্পাইডারম্যান’ খ্যাত অভিনেত্রী কিরস্টিন ডান্সট অনেকদিন ধরেই খবরের শিরোনামে নেই। এবার বাগদান করে আলোচনায় এলেন এই অভিনেত্রী। জানা গেছে, তার সহঅভিনেতা জেসে প্লেমনসের সঙ্গে বাগদান করেছেন কিরস্টিন। তাকে ইদানিং বেশ কিছু অনুষ্ঠানে দেখা গেছে, যেখানে স্পটলাইট কেড়ে নিয়েছে তার হাতের এনগেজমেন্ট রিং।
বিদেশি গণমাধ্যম পেজ সিক্সের তথ্য অনুযায়ী, ‘ফার্গো’ ছবিতে কাজ করার সময়েই সম্পর্ক তৈরি হয় তাদের। এরপর থেকেই কিরস্টিন ও প্লেমনসের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গতবছরের মে মাসে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে বিভিন্ন জায়গায়।
‘ফার্গো’ ছবিতে কিরস্টিনের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্লেমনস। তখন অভিনেতা জানিয়েছিলেন, ‘কিরস্টিনের সঙ্গে কাজ করতে পারা একটি উপহারের সমতুল্য। তার কাজ আমি অনেক আগে থেকেই পছন্দ করি। তিনি খুবই উচ্ছ্বল মেয়ে। তার সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবছি।’
ওদিকে কয়েকদিন আগে কিরস্টিন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, খুব শিগগিরই পরিবার শুরু করতে চান তিনি। এবার হাতের আংটি ইঙ্গিত দিচ্ছে, সেসময় বুঝি আর দেরি নেই!


No comments:
Post a Comment