প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি বেওয়াচ-এর মুক্তি পেছাচ্ছে। এটি বড় পর্দায় আসার কথা ছিল আগামী বছরের ১৯ মে। কিন্তু এখন এই সিনেমার মুক্তি আরও এক সপ্তাহ পিছিয়ে ২৬ মে করা হয়েছে। একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় তারকা জনি ডেপের ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস।
নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ রুপালি পর্দায় আসছে বলে দর্শকদের আগ্রহের কমতি নেই। তার ওপর এই ছবির মাধ্যমেই ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড অভিষেক ঘটতে যাচ্ছে। এদিকে জনি ডেপের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ছবিগুলোও জনপ্রিয়তার তুঙ্গে। কাজেই জনি ডেপ ও প্রিয়াঙ্কার মধ্যে এবার ভালোই প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
বেওয়াচ পরিচালনা করেছেন স্যাথ গর্ডন। ডোয়াইন জনসন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই কমেডি অ্যাকশন ঘরানার ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাক এফ্রন, আলেকজান্ডার দাদারিও, কেলি, ইয়াহিয়া আবদুল মতিন, জন বাস ও পামেলা অ্যান্ডারসন। দ্য স্টেটসম্যান।


No comments:
Post a Comment