সর্বশেষ সংবাদ

এবার ইত্যাদি যশোরে

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় দৃষ্টিনন্দন স্থানগুলোতে গিয়ে ইত্যাদির মূল অনুষ্ঠান ধারণ হচ্ছে দীর্ঘদিন থেকেই।


ইত্যাদির এই দেশ পরিক্রমার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

তিনি জানান, স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন দেশের সবচেয়ে প্রাচীন যশোর কালেক্টরেট ভবনের সামনে ৫ নভেম্বর ধারণ করা হয় এবারের ইত্যাদি। ভবনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চিত্রায়ন করা হয়েছে এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটি। ইত্যাদি ধারণ উপলক্ষে সেদিন যশোরে ছিল উৎসবের আমেজ। এবারের পর্বে যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রতিবেদনের পাশাপাশি যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। জানা গেছে, এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। যশোরেরই কৃতী সন্তান কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আবদুল জব্বার। যশোরকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রূপুর সুর করা একটি দলীয় সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন যশোরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। যশোরে নির্মিত ইত্যাদি আগামী ১৮ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে বলে জানিয়েছেন হানিফ সংকেত।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.