একটু একটু করে পুরো অ্যালবাম গুছিয়ে আনছেন হাবিব ওয়াহিদ। তিনটি গান নিয়ে নতুন অ্যালবাম ‘তোমার ঠিকানায়’-এর প্রথম ভাগ এরই মধ্যে মুক্তি দিয়েছেন রবি ইয়োন্ডার অ্যাপে। এবার তিনি সেখান থেকেই একটি গানের ভিডিও তৈরি করলেন। ‘মনের ঠিকানা’ নামের ওই গানের শুটিং হলো গতকাল শুক্রবার দিনভর। ভিডিওটি আগামী ১ আগস্ট মুক্তি পাবে। আর পুরো অ্যালবামের জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত।
নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি রিসোর্টে গতকাল সকাল থেকেই শুরু হয় ‘মনের ঠিকানা’ গানের ভিডিওর শুটিং। হাবিব জানান, এক অর্থে এটাই তাঁর নতুন অ্যালবামের প্রথম কোনো গানের ভিডিও হবে। কারণ, এর আগে গত ফেব্রুয়ারিতে যখন তিনি ‘তোমার আকাশ’ গানের ভিডিও প্রকাশ করেছিলেন, তখনো গানটি নতুন এই অ্যালবামে যোগ করার পরিকল্পনা ছিল না।
পরে অ্যালবামের পরিকল্পনা হলে তাতে আগে মুক্তি পাওয়া এ গান যুক্ত করেন। তাই হাবিবের ভাষায়, ‘মনের ঠিকানা’ হবে ‘টেকনিক্যালি’ তাঁর নতুন অ্যালবামের প্রথম গানের ভিডিও। ‘মনের ঠিকানা’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার ঋদ্ধি। তিনি তাঁর লেখা ‘রিমিক্স কাওয়ালি’সহ আরও বেশ কয়েকটি সফল গানের জন্য টালিউডে বেশ পরিচিত। হাবিব ওয়াহিদ জানান, একটি চলচ্চিত্রের গানের কাজ করতে গিয়ে ঋদ্ধির সঙ্গে তাঁর পরিচয়। এরপর থেকেই একসঙ্গে কাজের পরিকল্পনা ছিল তাঁদের।
হাবিবের এ নতুন গানের ভিডিওটি তৈরি করছেন তানিম রহমান। এতে হাবিবের সঙ্গে দেখা যাবে শর্মিলা নামের নতুন এক মডেলকে। ভিডিও নিয়ে হাবিবের কাছে জানতে চাইলে বলেন, এবারের গানের ভিডিওটি হবে আলাদা। এর আগে ‘হারিয়ে ফেলা ভালোবাসা’, ‘তোমার আকাশ’ কিংবা ‘মন ঘুমায় রে’ কিছু মুহূর্তকে তুলে ধরেছিল। এবারের ভিডিওতে মুহূর্ত নয়, একটা পুরো গল্পই থাকবে। বিশেষভাবে কোরিওগ্রাফ করা হবে গল্পটাকে। কোরিওগ্রাফের জন্য এ গানের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন আহাদ। রবি ও মাল্টি সোর্সিং লিমিটেড এই ভিডিও প্রযোজনা করছে।
আগামী ১ আগস্ট থেকে মাল্টি সোর্সিংয়ের ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি দেখা যাবে। সেই সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেলেও এর প্রচার শুরু হবে বলে হাবিব জানিয়েছেন।


No comments:
Post a Comment