প্রবীণ অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে বিদ্যুৎ। তার মৃত্যুর খবরে টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে শোকপ্রকাশ করেন।
অভিনেতা মধুর বড় ছেলে বিদ্যুৎ গণমাধ্যমে জানান, মঙ্গলবার রাতে তার বাবার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। তখনই আদাবরের বাসার পাশে অবস্থিত হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ অভিনেতার জানাজা হবে আদাবর বায়তুল আমান মসজিদে। এরপর তার দীর্ঘদিনের প্রিয় জায়গা শিল্পকলায় মরদেহটি নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গোলাম হাবিবুর রহমান মধু মাত্র ১৮ বছর বয়সে রাজশাহীতে মঞ্চের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের সামনে এনেছেন। অভিনেতার পুরো নাম গোলাম হাবিবুর রহমান হলেও নাট্যঙ্গনে তাকে মধু নামেই সবাই চিনতেন। টেলিভিশন নাটক ‘হাড়কিপটে’ ছাড়াও অসংখ্য নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।


No comments:
Post a Comment