অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাহ বিচ্ছেদ ঘটনায় প্রতিদিনই আসছে নতুন নতুন তথ্য। অভিযোগ ছিল, বিমানের ভেতর দত্তক পুত্রসন্তান ম্যাডক্সকে মারধর করেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। এটি খতিয়ে দেখতে এফবিআইয়ের নির্দেশে তদন্তের মেয়াদ বাড়িয়েছিল লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। সেখান থেকে রেহাই পেলেন ব্র্যাড পিট। গতকাল মঙ্গলবার এফবিআই জানিয়েছে, পিট নির্দোষ। সেকারণে তারা মামলাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গত সেপ্টেম্বরের ১৯ তারিখে আদালতে ব্র্যাড পিটের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সেই সঙ্গে ছয় সন্তানকে নিজের কাছে রাখার আবেদনও জানান এই অভিনেত্রী। দীর্ঘ ১২ বছরের প্রেম আর দুই বছরের সংসার জীবনের ইতি ঘটিয়ে অ্যাঞ্জেলিনার আচমকা ডিভোর্সের সিদ্ধান্তে অবাক হয়েছিল পুরো দুনিয়া। যদিও নিজের অবস্থানের পেছনে পরিষ্কার কারণ ব্যাখ্যা করেছিলেন এই তারকা। পিতার ভূমিকায় ব্র্যাড পিটের ব্যর্থতা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে অ্যাঞ্জেলিনার অভিযোগের পরিপ্রেক্ষিতে মিনেসোটার ইন্টারন্যাশনাল ফলস বিমানবন্দরে পাওয়া ভিডিও ফুটেজে তদন্তে এমন কিছু পাওয়া যায়নি। ফুটেজে দেখা গেছে, ম্যাডক্সের সঙ্গে চেঁচামেচি করেছেন পিট। কিন্তু তিনি গায়ে হাত তোলেননি। ভিডিওটি দেখেছে এমন একটি সূত্র জানিয়েছে, ৫২ বছর বয়সী ব্র্যাড অনেক চিৎকার করেছিলেন। কিন্তু মারধরের মধ্যে ছিলেন না তিনি।
এর আগে হলিউড অভিনেতা ব্র্যাড পিট গত সেপ্টেম্বরের মাঝামাঝি ওই ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। ৫২ বছর বয়সী পিটের বিরুদ্ধে পুত্রসন্তানের সঙ্গে দুর্ব্যবহার কিংবা গায়ে হাত তোলার কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় কয়েকদিন আগেই এ ঘটনা তদন্তের ইতি টানা হয়। এবার এফবিআই থেকেও নিষ্কৃতি পেলেন ব্র্যাড। তবে এই ব্যাপারে গণমাধ্যমে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা।
এদিকে, ৪১ বছর বয়সী অভিনেত্রী একাই ছয় সন্তানের অভিভাবকত্ব পেয়েছেন। তবে একজন থেরাপিস্টের উপস্থিতিতে ছেলেমেয়ে ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো ও যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের সঙ্গে নিয়মিত দেখা করতে পারবেন পিট। সন্তানদের দেখাশোনার প্রসঙ্গে ব্র্যাঞ্জেলিনার মধ্যে চুক্তি হয়েছে বলে গত ৭ নভেম্বর জানান উভয়ের প্রতিনিধিরা। যদিও এ বিষয়ক চূড়ান্ত চুক্তি হবে আদালতের সিদ্ধান্তে এই দম্পতির আনুষ্ঠানিক বিচ্ছেদের সময়।


No comments:
Post a Comment