বেশ ঘটা করেই শীর্ষ নায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন পারভেজ মাহমুদ অপুকে। অথচ জনপ্রিয় এ নায়িকার শুটিং কখনো নাকি দেখেননি জামাই বাবু! সামনেও দেখার সম্ভাবনা নেই। কেন?
আশ্চর্যজনক হলেও ঘটনা সত্যি। বুধবার উত্তরার একটি শুটিংবাড়িতে বসে পরিবর্তন ডটকমকে কথাগুলো বললেন অপু। পাশে ছিলেন মাহি।স্ত্রীর শুটিং না দেখার কারণ হিসেবে বলেন, ‘আমি সামনে গেলে মাহি শট দিতে পারে না। ও নাকি নার্ভাস হয়ে যায়। তাই আমি সামনে যাই না। তবে এটা জানি ও খুব ভাল অভিনেত্রী।’
কীভাবে বুঝলেন মাহি ভাল অভিনেত্রী? উত্তরে অপু বলেন, ‘কেন? আমি তার সিনেমাগুলো দেখেছি তো।’
বাবা-মা ছাড়া এবারই প্রথমবারের মত ঈদ করলেন মাহি। এ প্রসঙ্গে ‘অগ্নি’কন্যা বলছিলেন, ‘একটু তো খারাপ লাগা ছিলই। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন আমাকে এমনভাবে আগলে রেখেছিল যে খুব একটা কষ্ট অনুভব করতে হয়নি।’
ঈদের দিনের ঘোরাঘুরি প্রসঙ্গে বলেন, ‘সব সময় তো বেড়ানো হয়। আমি চাইনি ওইদিন কোথাও ঘুরতে যেতে। পরিবারের সবার সাথে কাটাতে ভাল লাগছিল।’
অপু জানালেন মাহি মাঝে মধ্যে এটা-ওটা রান্না করে খাওয়ান। পাশ থেকে মাহি হাসতে হাসতে বললেন, ‘একবার গরুর কালা ভুনা বানাতে গিয়ে মাংস পুড়িয়ে ফেলেছিলাম। আরেকবার পাকোড়া আর পায়েস রান্না করতে গিয়েছিলাম। আম্মুকে ফোন করে রেসিপি জেনেছিলাম। কিন্তু আমি সব উপাদান পাকোড়াতেই দিয়ে দিয়েছিলাম। যদিও সবাই বলেছিল ভাল হয়েছে।’
চলতি বছরের ২৫ মে আকদ হওয়ার পর ২০ জুলাই বিবাহোত্তর সংবর্ধনা হয় এ জুটির।
বিয়ের পরে মাহিকে ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমার শুটিং স্পটে পৌঁছে দেন অপু। এরপর আসলেন ‘হারজিৎ’-এর সেটে। প্রতিদিনই আসবেন কিনা? এ প্রশ্নে অপু বলেন, ‘না। আমি কালই (বৃহস্পতিবার) সিলেট চলে যাচ্ছি।’
বদিউল আলম খোকন পরিচালিত ‘হারজিৎ’-এ মাহির বিপরীতে অভিনয় করছেন সজল। আরো আছেন ওমর সানি, মৌসুমী, মিশা সওদাগর ও খালেদা আক্তার কল্পনা। ছবিটি প্রযোজনা করছে দি অভি কথাচিত্র ও নিউজেন এন্টারটেইনমেন্ট।


No comments:
Post a Comment