কলকাতায় মাইলস বয়কটে ইন্ধন দেওয়ার জন্য ফসিলস ব্যান্ডের ভোকাল রূপম ইসলামের সমালোচনা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মাইলসের শাফিন আহমেদকেও ছাড়েননি তিনি।
পশ্চিমবঙ্গের নামি এ অভিনেতা ও নির্মাতা রোববার রাতে নিজের ফেসবুক পেজে ‘প্রসঙ্গ : মাইলস আর ফসিলস’ শিরোনামে দীর্ঘ স্ট্যাটাস দেন।পরমব্রত লেখেন, ‘ভারতীয়দের মধ্যে কিছু লোক প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বিষোদ্গার করেন, তাদের অকারণে ছোট করে ভাবেন বিরাট দেশপ্রেমিক হওয়া গেল।’
এমন মন্তব্যের পরপরই অনেকে পরমব্রতকে ‘দেশবিরোধী’ আখ্যা দেন। অবশ্য তার পক্ষও কম ভারি নয়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে ১৩ আগস্ট মাইলস ও ফসিলসের পারফর্মের কথা ছিল। কিন্তু মাইলসকে ‘ভারতবিরোধী’ উল্লেখ করে বয়কটের ডাক দেওয়া হয়। তাতে ইন্ধন দেন ফসিলসের ভোকাল রূপম। এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যের পর মুখ খুললেন পরমব্রত।
পরমব্রত আরো লেখেন, ‘এদের বিরোধিতা করেই আমি অনেক কটূকথা শুনেছি। এমনকি, দেশদ্রোহী তকমাতেও ভূষিত হয়েছি।’তার বক্তব্য, ‘প্রতিবেশী রাষ্ট্রের কেউ যদি আমার দেশ ভারতের নামে অকারণে খারাপ কথা বলে, তাহলে সেটারও সমালোচনা হওয়া দরকার। আমি যদি তার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করতে অস্বীকার করি, আমার ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে সেটা নিয়ে অত হইচইয়ের কী আছে?’
তিনি আরো বলেন, ‘আমি মাইলসের ভক্ত নই, ফসিলসেরও নই। তোমার যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, তেমনই আমারও আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মনে হয়।’
পরমব্রত ‘বাঙালির বিবর্তন’ জানার পরামর্শ দিয়ে লেখেন, ‘দু’বাংলাতেই যারা ঘৃণা ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন, তাদের আরো একবার বলি, ইতিহাস জানুন। বাঙালির বিবর্তন জানুন। অশিক্ষার পরবশ হয়ে বিদ্বেষ ছড়াবেন না। তাতে আমরা আমাদের পরিচিতিটাকে অপমান করছি। আর কিছু নয়।’উল্লেখ্য ২০১৫ সালে বাংলাদেশ ও বাঙালি নিয়ে ফেসবুকে মন্তব্য করে নিন্দিত হন রূপম। ওই সময় সমালোচনার চোটে মন্তব্য মুছতে বাধ্য হন এ গায়ক।
তবে মাইলসের ভোকাল শাফিন আহমদকেও ছাড়েননি পরম। তিনি লেখেন, “প্রতিবেশী রাষ্ট্রকে ‘রেপ ক্যাপিটাল’ কিংবা ‘ফা#ড আপ কান্ট্রি’ বলাটা ‘উগ্র নোংরা অশিক্ষিত জাতীয়তাবাদ’। কোনো শিল্পীর যদি এই পোস্টগুলো পড়ে মনে হয়, তিনি সেই কুৎসা এবং হিংসা রটনাকারীর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না, সেটা তার ব্যক্তিগত মত।”
শিগগিরই ‘ভয়ংকর সুন্দর’ ও ‘ভুবন মাঝি’ নামের ঢাকার দুই সিনেমায় পরমব্রতকে দেখা যাবে। সিনেমাগুলোর শুটিংয়ে তিনি বেশ কয়েক দফায় ঢাকায় আসেন সাম্প্রতিক সময়ে।


No comments:
Post a Comment