সর্বশেষ সংবাদ

র‍্যাম্প শো কমিয়ে দিচ্ছেন ইমি

        র‍্যাম্প শো কমিয়ে দিচ্ছেন ইমি




র‍্যাম্পের মাধ্যমেই মিডিয়ায় কাজ শুরু ইমির। একটা সময় এসে নাটকেও অভিনয় শুরু করেন। নাটকে নিয়মিত থাকলেও মাঝখানে র‌্যাম্পে তাঁকে কম দেখা গেছে। এসব বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।
ইমি র‌্যাম্পে কাজ কি কমিয়ে দিয়েছেন?
কমিয়ে দেওয়া বলা যাবে না। অনেক দিন থেকেই বেছে বেছে কাজ করছি। ২০০১ সালে প্রথম যখন র‌্যাম্পে কাজ শুরু করি, তখন সব ধরনের শো-ই করতাম। একটা সময় পর থেকে বেছে বেছে ভালো শো করার চেষ্টা করছি। এখানে পারিশ্রমিকের ব্যাপারটাও কাজ করে।
কোন ধরনের শোগুলো করছেন এখন?
বড় বড় ডিজাইনারের ভালো মানের শোগুলো করছি। বিশেষ করে বড় বড় করপোরেট শোগুলোতে অংশ নেওয়ার চেষ্টা করি।
নাটকে কেমন সময় দিচ্ছেন?
র‌্যাম্পে কাজ করার ফাঁকে নাটকে কাজ করছি। ভাবছি, নিয়মিতই নাটকে কাজ করব। এরই মধ্যে প্রায় ৩০টি নাটকে কাজ করেছি। কাজ করতে করতে অভিনয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে।
এখন কী কী নাটক করছেন?
এখন দুটি ধারাবাহিকে অভিনয় করছি। অপূর্বা ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। আরেকটি লাইফ ইন এ মেট্রো। এর শুটিং চলছে। শিগগিরই এটিএন বাংলায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
এখন তো র‌্যাম্পের ছেলেমেয়েদের অনেকেই নাটকে অভিনয় শুরু করেছেন...
হ্যাঁ। আমাদের এখানে র‌্যাম্পের বাজার ছোট। ফলে কাজও কম। বাকি সময়টাতে অনেকেই অভিনয়ের দিকে ঝুঁকছেন। শুধু নাটকেই নন, কেউ কেউ চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছেন। যাঁদের মধ্যে অভিনয়ের প্রতিভা আছে, র‌্যাম্পে কাজের পাশাপাশি তাঁরা এই জায়গাটাকেও কাজে লাগাচ্ছেন।
আজ ‘অপূর্বা’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে...
এই নাটকটিতে আমার চরিত্রের নাম সানি। মফস্বল থেকে আসা মেয়েটি মিডিয়ায় কাজ করতে চায়। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর কাজের সুযোগ পেয়েছে। কিন্তু মিডিয়ায় কাজ করতে এসে শুরুতেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপাতত চরিত্রটি এই পর্যায়ে আছে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.