মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশে যে গিটার বাজিয়েছিলেন Bob ডিলান, সেটি নিলামে বিক্রি হয়েছে তিন লাখ ৯৬ হাজার ডলারে।
রোলিং স্টোনের এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ডালাসে হেরিটেজ অকশনসের নিলামে পরিচয় গোপন রেখে এক ক্রেতা ১৯৬৩ সালে তৈরি মার্টিন ডি-টোয়েন্টিএইট অ্যাকুস্টিক গিটারটি কিনে নেন।
আয়োজকরা আশা করেছিলেন, সাহিত্যে নোবেলজয়ী ডিলানের ওই গিটারের ডাক তিন লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত নিলামের দাম তাদের আশা ছাড়িয়ে গেছে। গানের কবি ডিলানের জন্য বাংলাদেশের মানুষের রয়েছে আলাদা দুর্বলতা।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে বিশ্বজনমত গড়তে এবং শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতে বিটলস শিল্পী জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশংকরের উদোগে ১৯৭১ সালের ১ অগাস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়।
সেখানে জর্জ হ্যারিসন, রিংগো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্যাটারসন, রবিশঙ্করের সঙ্গে ডিলানও ছিলেন; গেয়েছিলেন ‘এ হার্ড রেইন’স আ-গনা ফল’, ‘ব্লোইং ইন দ্য উইন্ড’, ‘জাস্ট লাইক আ ওমেন’সহ কয়েকটি গান।
১৯৬০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আরও অনেক কনসার্টে গিটারটি বাজিয়েছেন Bob ডিলান। পরে তিনি হাতে তুলে নেন গিবসন; ১৯৭৭ সালে ওই মার্টিন ডি-টোয়েন্টিএইট ৫০০ ডলারে বিক্রি করে দেন তার গিটার মেরামতকারী ল্যারি ক্রেইগের কাছে।
চার দশক যত্ন করে সংরক্ষণের পর ক্রেইগই গিটারটি নিলামের জন্য হেরিটেজ অকশনসকে দেয়।


No comments:
Post a Comment