মাঝেমধ্যেই হুট করে ক্যামেরার সামনে হাজির হন একসময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী Sravasti Datta Thinni। গত বছরের শুরুর দিকে একটি নাটকে অভিনয় করেছিলেন। তার কয়েক মাস পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, ভালো নেই তিনি। তবে গতকাল কথা হলো অন্য এক তিন্নির সঙ্গে। শ্রীমঙ্গল থেকে মুঠোফোনে জানালেন নিজের নতুন কাজের খবর। সেখানে একটি নাটকের শুটিং করছেন। নাম কুয়াশার ভিতরে একটি মৃত্যু। নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন।
এত দিন পরে ক্যামেরার সামনে দাঁড়ানোর পুরো কৃতিত্বটা তিন্নি দিলেন পরিচালককে। ‘আমার সঙ্গে অনেক দিন ধরে পারভেজ ভাই যোগাযোগ করছেন। আবার অভিনয়ে ফেরার অনুরোধ করছেন। এ কারণে তাঁর নাটকটি দিয়ে ফিরলাম।’ মুঠোফোনে বললেন তিন্নি। এরপর কি নতুন নাটকে দেখা যাবে তিন্নিকে? আবার কি নিয়মিত হবেন অভিনয়ে? মুঠোফোনের ওপাশ থেকে বললেন, ‘হ্যাঁ। কাজের সুযোগের সঙ্গে ভালো গল্প ও চরিত্র লাগবে কিন্তু!’
কুয়াশার ভিতরে একটি মৃত্যু নাটকে তিন্নির সহশিল্পী সজল। কথা হলো তাঁর সঙ্গেও। বললেন, ‘আমি চাই তিন্নির মতো অভিনেত্রী নিয়মিত কাজ করুক। ও কেন যে অভিনয় করে না, বুঝি না!’
নাটকটির গল্প নিয়ে পরিচালক বললেন, একজন চিত্রশিল্পী (সজল) এসেছেন শ্রীমঙ্গলের একটি রিসোর্টে। বছর কয়েক আগে চিত্রশিল্পীর স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই। একই সময়ে বাচ্চাসহ তিন্নিও এসেছেন বেড়াতে। পূর্বপরিচিত সজল ও তিন্নির দেখা হয় অনেক দিন পর। তাঁদের পুরোনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়েই এগিয়েছে গল্প।
গল্পের বাকিটা জানার জন্য পরিচালক বললেন আগামী ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করতে। সে সময় নাটকটি দেখা যাবে টিভিতে।


No comments:
Post a Comment