‘বলিউড বাদশা’ Shahrukh Khan-এর অভিনয়ে মুগ্ধ দর্শকের অভাব নেই। তবে তাঁর বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করার শ্রোতাও কিন্তু নেহাত কম নয়। এপ্রিলে ভ্যাঙ্কুভারের ‘টেড টক’-এ তাঁর প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ২০১২ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়েও তাঁর বক্তৃতা বেশ প্রশংসিত হয়। এবার এই ভারতীয় অভিনেতা বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যালান রাসব্রিজার নিজেই শাহরুখকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন গত নভেম্বরে।
এ প্রসঙ্গে ‘কিং খান’ বলেন, ‘আমি কথা বলতে ভালোবাসি। যখনই কেউ আমাকে বক্তৃতা দিতে কোথাও আমন্ত্রণ জানায়, আমি সেটাকে সুযোগ হিসেবে দেখি। এর আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ে গিয়েও কথা বলেছি। এবার অক্সফোর্ড থেকে আমন্ত্রণ পেলাম। আমি যদি সময় করতে পারি, তাহলে অবশ্যই সেখানে যাব।’
শাহরুখ এখন মহাব্যস্ত সময় পার করছেন। আনন্দ এল রায়ের নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। এর সঙ্গে চলছে আসন্ন ছবি ‘যব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা। ব্যস্ততার ফাঁকে সময় করতে পারলেই তিনি উড়াল দেবেন যুক্তরাজ্যে। কারণ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সম্মানজনক এই সুযোগ তো বারবার আসবে না।
শাহরুখের ‘যাব হ্যরি মেট সেজাল’ ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। এখানে তাঁর সহশিল্পী আনুশকা শর্মা। এটি মুক্তি পাবে ৪ আগস্ট। আনন্দ এল রায়ের সেই ছবিতে ‘বলিউড বাদশা’ বামনের ভূমিকায় অভিনয় করছেন। ত্রিভুজ প্রেমের এই ছবির এক নায়িকা ক্যাটরিনা কাইফ। আরেক নায়িকা আনুশকা শর্মা না আলিয়া ভাট, তা এখনো নির্মাতা পরিষ্কার করেননি।


No comments:
Post a Comment