বহুল আলোচিত ও বিতর্কিত ছবি ‘Lipstick Under My Burka’ অবশেষে মুক্তি পেয়েছে। ২১ জুলাই মুক্তি পেয়েছে এটি। শুরু থেকেই বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। সমালোচকেরা তো আগেই এই ছবির প্রশংসা করেছিলেন। এখন দর্শকেরাও এই ছবি দেখে মুগ্ধ হচ্ছেন। বলিউডের চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, মুক্তির প্রথম দিন এই ছবি আয় করেছিল ১ কোটি ২২ লাখ রুপি, দ্বিতীয় দিন ২ কোটি ১৭ লাখ রুপি ও তৃতীয় দিন ৩ কোটি ৩৯ লাখ রুপি। ক্রমেই এই ছবির আয় বাড়ছে। তাই আশাবাদী হয়ে উঠেছেন ছবির পরিচালক ও প্রযোজক।
অথচ অলংকৃতা শ্রীবাস্তবের পরিচালনায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটি প্রদর্শনের জন্য প্রথমে ছাড়পত্র দেয়নি ভারতের সেন্সর বোর্ড। যৌনতার অভিযোগ তুলে ছবিটি আটকে দেওয়া হয়েছিল। গত বছরের অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবির ট্রেলার। এরপরেই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এই বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়ে এক চিঠিতে বলেছিল, ‘সিনেমাটি নারীকেন্দ্রিক। বাস্তবতাকে ছাপিয়ে পুরো সিনেমাটি কল্পনানির্ভর। ছবিটিতে অসংখ্য যৌন দৃশ্য, অশালীন সংলাপ, অডিও পর্নোগ্রাফিসহ সমাজের একটি নির্দিষ্ট অংশের প্রতি স্পর্শকাতর দৃষ্টিভঙ্গি আছে, যা নীতিমালা-বহির্ভূত। এ কারণে ছবিটি প্রদর্শনে ছাড়পত্র দেওয়া হয়নি।’
সে সময় পরিচালক অলংকৃতা শ্রীবাস্তব সিবিএফসির নেওয়া এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, এটা নারী অধিকারের ওপর হস্তক্ষেপ করার শামিল। তিনি ভারতীয় দর্শকদের ছবিটি না দেখানো পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। অলংকৃতা তাঁর কথা রেখেছেন। শেষ পর্যন্ত লড়াইয়ে তাঁরই জয় হলো।
রত্না পাঠক শাহ, কঙ্কণা সেন শর্মা, অহনা কুমার ও প্লাবিতা অভিনীত ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটি মুম্বাই চলচ্চিত্র উৎসবে জেন্ডার সমতার কারণে সেরা চলচ্চিত্রের পুরস্কার অক্সফাম অ্যাওয়ার্ড পেয়েছে। এ ছাড়া টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্পিরিট অব এশিয়া প্রাইজ জিতেছে ছবিটি।


No comments:
Post a Comment