শেষ হলো বাংলাদেশে প্রথম গণ-অর্থায়নে নির্মিত FILM'একজন কবির মৃত্যু'। ক্রাউডফান্ডিং ফিল্ম ইনিশিয়েটিভ বাংলাদেশের উদ্যোগে ছবিটি পরিচালনা করেছেন আবু সাইয়ীদ। সম্প্রতি ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন জায়গায় ছবিটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও আইরিন সুলতানা। শিগগিরই সেন্সর অনুমোদনের জন্য জমা দেওয়া হবে এটি। এ প্রসঙ্গে নির্মাতা জানান, ১০০ টাকা থেকে ৩০ হাজার এক টাকা পর্যন্ত অনুদানের মধ্য দিয়ে চার হাজারের বেশি ব্যক্তি এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। ক্রমাগত এই প্রক্রিয়ার প্রসার লাভ ঘটছে।
২০১৫ সালের ৭ অক্টোবর পাবলিক লাইব্রেরি সেমিনার হলে এক সংবাদ সম্মেলন ও সেমিনারের মধ্য দিয়ে গণ-অর্থায়নে চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে 'সংযোগ' ছবির চিত্রগ্রহণ শুরু হয়। ছবিটির ২৫ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে প্রথম ছবির আগেই শেষ হলো 'একজন কবির মৃত্যু' ছবির দৃশ্য ধারণের কাজ। এর গল্পে দেখা যাবে, ঢাকার দূষিত আকাশে রাতের তারা খুঁজে পান না প্রকৃতিপ্রেমী কবি আবিদ হায়দার। প্রাণ ভরে রাতের আকাশের তারা উপভোগ করতে একদিন তিনি পালিয়ে যেতে চান সব বাস্তবতা ছেড়ে। তিনি মনে করেন, এটি তার ও তার প্রজন্মের অধিকার। তাই মৃত্যুর পরেও তিনি তার দাবি থেকে সরে আসতে চান না।


No comments:
Post a Comment