নব্বইয়ের দশকে ‘দক্ষিণী’ ছবির নায়ক নাগার্জুনার সঙ্গে অভিনেত্রী TABU-এর প্রেম নিয়ে অনেক গুজব শোনা যেত। দুজনেই সে সময় ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। একসঙ্গে মাত্র তিনটি ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। মহেশ ভাটের ‘ক্রিমিনাল’ সিনেমা খ্যাত অভিনেতা নাগার্জুনার দুই ছেলেও এখন তেলেগু ছবিতে অভিনয় করছেন। এদিকে, টাবু এখনো বিয়ে করেননি। সম্প্রতি একটি তেলেগু ছবিতে নাগার্জুনার ছোট ছেলে অখিলের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
একটি সূত্র জানায়, ‘কয়েক মাস আগেই টাবুকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়। ছবির চিত্রনাট্য পড়ে এই ছবিতে অভিনয় করতে একবারেই রাজি হয়ে যান তিনি। ছবির অন্য শিল্পীদের এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করা হবে। শুটিং হবে ভারতের হায়দরাবাদে। এক মাসের মধ্যে পুরো শুটিং শেষ করে ফেলার ইচ্ছা আছে পরিচালকের।’
নাম ঠিক না হওয়া এই ছবিটি পরিচালনা করবেন বিক্রম কে কুমার। আর প্রযোজনা করবেন নাগার্জুনা। এই ছবির মাধ্যমে দীর্ঘ এক দশক পর তেলেগু ছবিতে ফিরবেন টাবু। হিন্দি ছবিতে তাঁকে শেষ দেখা গেছে ২০১৫ সালে ‘দৃশ্যম’-এ। এর ঠিক আগের বছর ‘হায়দার’ ছবিতে এই প্রজন্মের অভিনেতা শহিদ কাপুরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
আর এ বছর দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে টাবুর ‘গোলমাল এগেইন’। এখানে আরও দেখা যাবে অজয় দেবগন, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, কুনাল খেমু, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে ও নীল নিতিন মুকেশকে। এটি রোহিত শেঠি পরিচালিত সুপারহিট সিরিজ ‘গোলমাল’-এর চতুর্থ কিস্তি। এনডিটিভি।


No comments:
Post a Comment