পঞ্চাশ পেরিয়ে গেল, কিন্তু আজও বিয়ে করে সংসারী হলেন না Salman Khan। বলিউডের এই অভিনেতা চিরকুমার রয়ে যাবেন কি না, এ নিয়ে তাঁর ভক্তদের মধ্যে রয়েছে সংশয়। বিয়ে না করলেও একের পর এক প্রেম করে যেতে এই অভিনেতা ওস্তাদ। তবে, কারও সঙ্গেই তাঁর প্রেম বেশি দিন টেকে না। সম্প্রতি ভারতের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় নিজের প্রথম প্রেমের কথা জানান সালমান।
মনের কথা কীভাবে লুকাতে হয় সেই বিদ্যা এই ‘বজরঙ্গি ভাইজান’-এর জানা নেই। মনে যা থাকে, মুখে তা-ই প্রকাশ করেন সালমান। নিজের প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এই নায়ক। প্রেম জীবনে যতই আসুক, প্রথম প্রেম বলে কথা, তাই আবেগপ্রবণ তিনি হতেই পারেন। সালমানের জীবনে প্রেম প্রথম এসেছিল ১৬ বছর বয়সে। একটি মেয়েকে ভীষণ ভালো লাগত তাঁর। কিন্তু মুখ ফুটে তাঁকে কখনো ভালোবাসার কথা বলার সাহস হয়নি, পাছে মানা করে দেয় এই ভয়ে। সেই মেয়ের কাছে প্রত্যাখ্যাত হলে মনটাই ভেঙে যেত সাল্লুর। অবশ্য সালমানেরই দুজন বন্ধুর সঙ্গে আলাদাভাবে প্রেমে জড়িয়ে পড়েছিল সেই মেয়ে। যদিও তাঁদের সঙ্গেও সম্পর্ক স্থায়ী হয়নি।
সালমানের ভাষ্য, ‘আমরা বন্ধু ছিলাম, কিন্তু সে আমাকে কখনোই প্রেমের দৃষ্টিতে দেখেনি। আর ওর পোষা কুকুরও আমাকে পছন্দ করত না, পরিবার তো অনেক দূরের কথা। ভেবে কষ্ট হয়, মেয়েটা আমার অনুভূতির কথা কখনো জানতেই পারল না। মন ভাঙার পর আমি কিছুদিন খুব উদাস থাকতাম, মনে হতো আমার জীবন শেষ। কিন্তু এখন ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই বলে যে, আমি মেয়েটির নাম নিইনি। আশা করি সে সুখে আছে। ৩৫ বছর আগে তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিল আমার।’ হিন্দুস্তান টাইমস।


No comments:
Post a Comment