আয়নাবাজিছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে কলকাতার টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন Chanchal Chowdhury। ৪ জুন কলকাতার নজরুল মঞ্চে এই পুরস্কার দেওয়া হয় তাঁকে। দেশের বাইরে প্রথম এ ধরনের স্বীকৃতি পাওয়ার অনুভূতিসহ বর্তমান সময়ের কাজ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।
দেশের বাইরে এ ধরনের পুরস্কার গ্রহণ করলেন। কেমন লাগছে?
এটি আমার জন্য আনন্দের। তবে পুরস্কারটি নিতে অনুষ্ঠানে যেতে পারিনি। নিজের হাতে পুরস্কারটি গ্রহণ করতে পারলে আরও বেশি ভালো লাগত। আমরা এখানে যে ধরনের কাজ করি, তা নিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ কম। এবং এসব কাজ থেকে বাইরের পুরস্কার অর্জনের সুযোগ আরও কম। আমাদের এখানকার কাজগুলো একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আলোচনা-সমালোচনা হচ্ছে। সেই গণ্ডির মধ্য থেকেই আবার কাজের স্বীকৃতিও পাচ্ছে কেউ কেউ। তবে এবার এই পুরস্কারটি দেশের বাইরে থেকে পেয়েছি। আমাদের দেশে কিংবা কলকাতায় এই পুরস্কারের গুরুত্ব কতটুকু, তা আমার জানা নেই। তবে ছোট হোক, বড় হোক—সব পুরস্কারই আমার কাছে সমমানের।
অনুষ্ঠানে যেতে পারেননি কেন?
ঈদের কাজের ব্যস্ততার কারণে। আগে থেকেই শুটিংয়ের শিডিউল দেওয়া ছিল। আমি পুরস্কার নিতে গেলে পরিচালক-প্রযোজকেরা ক্ষতিগ্রস্ত হতেন। নীতিগতভাবে এ কাজটি করতে চাইনি আমি। এ কারণেই অনুষ্ঠানে যেতে পারিনি। ছবির প্রযোজক ও পরিচালক আমার পুরস্কারটি গ্রহণ করেছেন সেদিন।
ঈদের ব্যস্ততা কেমন এবার?
এবার ঈদের ব্যস্ততা বেশ আগে থেকেই শুরু হয়েছে। পাঁচটি ছয় খণ্ডের ধারাবাহিকের কাজ শেষের পথে। এর মধ্যে তিনটি হলো পোস্টমর্টেম, ছোটলোক ও নসু ভিলেন। বাকি দুটির নাম এখনো ঠিক হয়নি। এ ছাড়া এক ঘণ্টার নাটকের কাজ তো চলছেই। ধারাবাহিকগুলোর পাশাপাশি ঈদুল ফিতরে ১০-১২টি এক ঘণ্টার কাজ থাকবে।
‘দেবী’ ছবির খবর কী?
শুটিংয়ের কাজ তো বেশ আগেই শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। ঈদের পর ডাবিংয়ের কাজ হবে। ছবির প্রযোজকের কাছ থেকে শুনেছি, এ বছরের শেষে দেবীমুক্তি পাবে।
নতুন আর কোনো ছবিতে কাজের কথাবার্তা হচ্ছে?
প্রায় প্রতিদিনই প্রস্তাব আসে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, দেবীমুক্তির আগে নতুন ছবি নয়। আপাতত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হব না। আমার অভিনীত ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। তবে ছবিগুলো দর্শক আলোচনায় ছিল। এই সব ছবিতে অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছি। এই জায়গাটিতে আমার কাছে দর্শকের চাওয়াটা বেশি। এ কারণে চলচ্চিত্রের কাজ একটু ভেবেচিন্তে করি।


No comments:
Post a Comment