বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল বৃহত্তর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন ওরফে রমা।
তার জন্মদিনকে ঘিরে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দিকার সভাপতিত্বে এক সভায় পাবনায় সরকারিভাবে সুচিত্রা সেনের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ বেলা ১১টায় পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক ভিটায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া সন্ধ্যা ৭টায় পাবনা টাউন হলের মুক্তমঞ্চে থাকছে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনী। এ ছাড়া আগামীকাল থেকে নামমাত্র দর্শনীর বিনিময়ে সুচিত্রা সেনের পৈতৃক নিবাস জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিংবদন্তি বাংলা ছবির নায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে স্মৃতি সংরক্ষণে আর্কাইভ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।


No comments:
Post a Comment