Shojol, মডেল ও অভিনেতা। মাছরাঙা টিভিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে তার অভিনীত টেলিছবি 'আমি তুমি ও সে'। লিখেছেন মীর সামী, পরিচালনায় নাহিদ বাবু। কথা হলো সজলের সঙ্গে-
টেলিছবির নাম 'আমি তুমি ও সে' কেন?
আমি তুমি ও সে মিলেই হয় আমরা। এই টেলিছবিতে আমাদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে বলে এর নাম 'আমি তুমি ও সে'। এটি দেখলে সবাই কিছু সময়ের জন্য ফিরে যাবেন সেই আমিতে।
টেলিছবিতে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
গত বছরের শেষ দিকে এর কাজ করেছিলাম। বলা যেতে পারে অন্যরকম প্রেমের এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এখানে আমি অভিনয় করেছি একেবারে সহজ সাধারণ এক ছেলের ভূমিকায়। সে আবার কিছুটা অস্থিরও একদিন এই ছেলের জীবনে আসে প্রেম। বদলে যেতে থাকে সব। টেলিছবিতে কাজের সময় আমার বারবারই মনে হয়েছে, সহজ সাধারণ চরিত্রগুলো পর্র্দায় ফুটিয়ে তোলা সবচেয়ে বেশি কঠিন। পরিচালকও বেশ যত্ন নিয়ে ধরে ধরে কাজটি করেছেন। পাশাপাশি
মোনালিসার সঙ্গে অনেকদিন পর দর্শক আমাকে দেখতে পাবেন। আশা করছি, এটি দর্শকদের ভালো লাগবে।
এর দৃশ্যধারণের কথা মনে পড়ে?
হ্যাঁ। খুব মনে পড়ে। এই তো গত বছরের শেষে মোনালিসা আমেরিকা যাওয়ার আগে এ কাজটি করেছিলাম। যেহেতু মোনার সঙ্গে আমার আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক। ফলে আমরা যখনই যে সেটে থাকি না কেন বেশ মাস্তি করি। এই টেলিছবিতেও করেছি। মোনাকে আমেরিকা যাওয়া নিয়ে অনেক খেপিয়েছিলাম সেই সময়।
আরটিভির 'ক্যাম্পাস স্টার' অনুষ্ঠানের বিচারকাজ কেমন চলছে?
একসঙ্গে অভিনয়, নাচ ও গান জানা খুব কঠিন। অবাক হয়েছি বিশ্ববিদ্যালয়ের অনেকেই এগুলো ঠিকঠাকমতো করছে। কাকে রেখে কাকে নির্বাচন করব, তা ঠিক করতে হিমশিম খাচ্ছি। আমার জন্যও চমৎকার অভিজ্ঞতা এটি।
নতুন নাটকের কথা বলুন?
আসছে পহেলা বৈশাখের জন্য ফেরদৌস হাসান রানার 'চরকা' নামের একটি কাজ করেছি। এ ছাড়া বেশ কয়েকটি এক ঘণ্টার নাটক ও টেলিছবিতে কাজের কথা আছে।
'হারজিৎ' চলচ্চিত্রের কাজ কত দূর?
ছবিটির কাজ প্রায় শেষ। এখন কয়েকটি গানের চিত্রায়ন হলে পুরোপুরি শেষ হবে। এতে আমার সহশিল্পী মাহিয়া মাহি।


No comments:
Post a Comment