বৈশাখ রাঙাতে আসছেন Arefin Shuvo ও নুসরাত ফারিয়া। এদিন বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা মিলবে তাঁদের নতুন সিনেমা ‘ধ্যাততেরিকি’র। এরই মধ্যে এই সিনেমা বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্র পয়লা বৈশাখে সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘ধ্যাততেরিকি’ সিনেমার তিনটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানগুলোতে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার পর্দা উপস্থিতি নজর কেড়েছে। সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি বলেন, পয়লা বৈশাখে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘ধ্যাততেরিকি’।
শুভ ও ফারিয়ার জুটি হয়ে প্রথম অভিনয় করেন ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায়। জুটি হিসেবে এটি তাঁদের দ্বিতীয় সিনেমা। কমেডি ধাঁচের এই সিনেমায় একেবারে বাঙালি সাজে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তাই শুটিং শুরুর আগে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। বললেন, ‘ছবির জন্য প্রায় এক মাস লাঠিখেলা আর শাস্ত্রীয় নৃত্য শিখেছি। এ ছাড়া চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে পরিবর্তন আনতে হয়েছে।’
আরিফিন শুভ বলেন, ‘বৈশাখে মুক্তি দেওয়া হবে বলেই আমরা অনেক পরিশ্রম করে এই সিনেমার কাজ শেষ করেছি। আমাকে সাধারণত যেমন চরিত্রে এর আগে দেখা গেছে এটিতে পুরোপুরি ভিন্ন। এই চরিত্রটি কমেডি ধাঁচের। দর্শকেরাও দেখে আনন্দ পাবেন।’
শামীম আহমেদ রনি বলেন, ‘খুব ভালো লাগছে কোনো আপত্তি ছাড়াই ছবিটি ছাড়পত্র পেয়েছে। আশা করছি, দর্শকের কাছে ছবিটি ভালো লাগবে।’
যৌথ প্রযোজনায় নির্মিত ‘ধ্যাততেরিকি’ সিনেমার আরেক প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার এসকে মুভিজ।
শুভ ও ফারিয়া ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করছেন রোশান, ফারিন, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, সুব্রত, বিশ্বনাথ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ।


No comments:
Post a Comment